মোর্তজা রশিদী ফেরায় প্রতিদ্বন্দ্বিতার আভাস

এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদীর প্রার্থিতা বাতিল হয়েছিল। উচ্চ আদালতে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সালাম মুর্শেদী ও এস এম মোর্তজা রশিদী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়ে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী প্রচারে নেমে পড়েছেন। তিনি প্রার্থিতা ফিরে পাওয়ায় আসনটিতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মোর্তজা রশিদী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ সমর্থনকারী ভোটার নিয়ে জটিলতায় প্রথমে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও পরে নির্বাচন কমিশনের আপিল বিভাগে তাঁর প্রার্থিতা বাতিল হয়।

১৮ ডিসেম্বর হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পান। গত বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি কেটলি প্রতীক বরাদ্দ পান। খুলনা-৪ আসনে এবার মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ১৫৩ জন। আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১১ জন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পপতি সালাম মুর্শেদী, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, এনপিপির মো. মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান, বিএনএমের এস এম আজমল হোসেন এবং স্বতন্ত্র মোর্তজা রশিদী, মো. জুয়েল রানা, এমডি এহসানুল হক ও মো. রেজভী আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রেজভী আলমও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। রেজভী বর্তমানে স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মূলত নির্বাচন গ্রহণযোগ্য করার প্রার্থী হয়েছেন বলে প্রথম আলোকে জানান। আর অন্য প্রার্থীরা এলাকার মানুষ ও ভোটারদের কাছে খুব বেশি পরিচিত না।

নির্বাচন বিশ্লেষক ও ভোটাররা বলছেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও অন্য দলের শক্তিশালী প্রার্থী না থাকায় এই আসনে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ ছিল না। মোর্তজা রশিদী লড়াইয়ে ফিরে আসায় আবদুস সালাম মুর্শেদী তীব্র প্রতিন্দ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন। তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার পর এলাকায় ভোটারদের মধ্যে ভোট নিয়ে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোর্তজা রশিদী রূপসার রাজাপুর এলাকায় প্রচারে নামেন। গতকাল শনিবার তেরখাদা উপজেলার মধুপুর, দিঘলিয়া উপজেলার গাজীরহাট এবং রূপসা উপজেলার ঘাটভোগের শিয়ালী এলাকায় গণসংযোগ করেন।

মোর্তজা রশিদী বলেন, ‘আমাদের পরিবার সব সময় মানুষের পাশে ছিল, আছে। সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’

এলাকার মানুষ ও নেতা-কর্মীরা জানান, প্রয়াত ভাইয়ের জনপ্রিয়তা কাজে দেবে মোর্তজা রশিদীর। এদিকে গত পাঁচ বছরে নানা কারণে বর্তমান সংসদ সদস্য সালাম মুর্শেদীর সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের দূরত্ব বেড়েছে। সেটাও নির্বাচনী মাঠে সুবিধা দিতে পারে মোর্তজা রশিদীর।

খুলনা-৪ আসনের নির্বাচনের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের প্রার্থী সালাম মুর্শেদীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।