নরসিংদীতে অপহৃত কিশোরীকে এক মাস পর সাভার থেকে উদ্ধার
নরসিংদীর মনোহরদীতে অপহরণের শিকার এক কিশোরীকে (১৫) প্রায় এক মাস পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোহরদী উপজেলার একটি গ্রাম থেকে ওই কিশোরীকে অপহরণ করার অভিযোগে মামলা করে কিশোরীর পরিবার। মামলায় নাসির উদ্দিনের (৩৮) নাম উল্লেখ করা হয়। পিবিআই জানিয়েছে, অভিযুক্ত নাসির উদ্দিনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। তিনি স্ত্রী–সন্তান নিয়ে সেখানে বাস করেন। মুঠোফোনে ওই কিশোরীর সঙ্গে নাসিরের পরিচয় হয়।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে নাসির উদ্দিন ওই কিশোরীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করলে আদালত এ মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন। পরে ওই কিশোরীকে উদ্ধারের জন্য পিবিআই নরসিংদী, গাজীপুর, নওগাঁসহ বিভিন্ন স্থানে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পিবিআই জানতে পারে, ওই কিশোরী ঢাকার সাভারে অবস্থান করছে।
পরে রাত সাড়ে আটটার দিকে পিবিআই নরসিংদীর পরিদর্শক নবী হোসেন খান, উপপরিদর্শক সাদেকুল সিকদার ও আশরাফ আলীর নেতৃত্বে একটি দল সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সাভার বাসস্ট্যান্ড–সংলগ্ন একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক আশরাফ আলী বলেন, আজ দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। তবে ওয়ারেন্ট না থাকায় ওই সময় আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা যায়নি।