‘কলিজা আমার, তোমাকে কবরে রেখে আমি কীভাবে বাসায় ঘুমাব’

কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জিসান আহমেদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার জিসান, আমার আব্বাজান, আমার দুনিয়া, তুমি কই গেলা? আব্বা, তোমার জন্য আমার ভেতরটা কী যে করে! তোমার সঙ্গে আর দেখা হবে না কোনো দিন, কথা হবে না কোনো দিন। কলিজা আমার, তোমাকে কবরে রেখে আমি কীভাবে বাসায় ঘুমাব?’

বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন কুমিল্লার হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জালাল হোসেন। একমাত্র সন্তান মো. জিসান আহমেদের (১৪) মৃত্যুর খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে ফেরেন তিনি। রাতে তিনি ছেলের মরদেহ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করেন।

জিসানকে হারিয়ে বিলাপ করছেন বাবা মো. জালাল হোসেন। গত মঙ্গলবার রাতে কুমিল্লার হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামে
ছবি: সংগৃহীত

গত সোমবার বিকেলে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা চলছিল। পৌরসভা দলের হয়ে মাথাভাঙ্গা ইউনিয়ন দলের বিপক্ষে খেলছিল জিসান। খেলা শুরুর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে, বেলা আড়াইটার দিকে সে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলের ভালো স্কুলে পড়াশোনার জন্য জালাল স্ত্রী ও ছেলেকে হোমনা উপজেলা সদরে ভাড়া বাসায় রেখেছিলেন। পরিবারের সুন্দর ভবিষ্যতের আশায় তিনি নিজে ছিলেন প্রবাসে।

স্বজনেরা জানান, জিসানের বাবা দেশে না ফেরা পর্যন্ত লাশ দাফন করা হয়নি। দ্বিতীয় জানাজার অপেক্ষায় লাশ একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দড়িকান্দি গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে জিসানকে দাফন করা হয়।

জিসানের বাবা দেশে ফেরার খবর পেয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া তাঁদের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

জিসানের স্মরণে গতকাল বুধবার বিকেলে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, জিসানের অকালমৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত। তার স্মরণে বিদ্যালয়ের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জিসানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল। গতকাল বুধবার বিকেলে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

শোকসভা ও মিলাদ মাহফিলে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভিভাবক সদস্য ও জিসানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হোমনার একাধিক মাধ্যমিক বিদ্যালয়েও শোকসভা ও মিলাদ মাহফিল করা হয়েছে।