শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা হলে আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব: শিক্ষামন্ত্রী

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবাগতদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠেছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের পড়তে হবে এবং গবেষণা করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন তাহলে শিক্ষার পরিবেশ আসবে না। শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব। শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। শিক্ষকদের মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ। এই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা এবং শিক্ষার্থীরা।’

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে আজ শুক্রবার বেলা ১টায় নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রফেসর মহিদুল ইসলাম ও ফারুক হাসান।

পৃথিবীতে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দেশ মন্তব্য করে আ ন ম এহছানুল হক বলেন, ‘উন্নত বিশ্বে জনসংখ্যা কমছে। সেখানে আমাদের দেশে জনসংখ্যা বেড়েই চলছে। আমরা অবশ্যই এই জনসংখ্যা বৃদ্ধিকে আশীর্বাদ হিসেবে নেব। কারণ, উন্নত বিশ্বে যেটার অভাব রয়েছে সেটা আমাদের দেশে পর্যাপ্ত রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর অভাব নেই। সুতরাং আমরা যদি সঠিকভাবে বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের তৈরি করি তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর এক নাম্বার মানবসম্পদে ভরপুর দেশ। সে জন্য আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ওপরে।’

শিক্ষামন্ত্রী জানান, হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আরও হল নির্মাণসহ অনেক কিছু প্রয়োজন। কিন্তু সরকারের পক্ষে হঠাৎ করে এ ধরনের কর্মসূচি গ্রহণ সম্ভব নয়। তারপরও ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পড়াশোনা সমাপ্ত করতে গরিব দেশের সরকারের খরচ হচ্ছে ৮ লাখ এবং পরিবারের খরচ হচ্ছে ৫ লাখ। সব মিলিয়ে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষা সমাপ্ত করতে ১৩ লাখ টাকা খরচ হচ্ছে।

বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর পড়ালেখার বর্ণনা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বের উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রজেক্ট বেজ পড়ালেখা হচ্ছে, সেখানে আমরা মান্ধাতার আমলের পদ্ধতিতে পড়ালেখা করছি। সে জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রয়োজনে জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে দেওয়া হবে।’

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমে লেখাপড়া, গবেষণাসহ যা প্রয়োজন তা করতে হবে। এরই মধ্যে সরকার থেকে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ভৌত কাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়েছে আমরাও তার বিপক্ষে নই, তবে একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।’

আ ন ম এহছানুল হক জানান, ফেসবুকে তাঁর বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়। তিনি বলেন, ‘আমার সঙ্গে এসব করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে। আমাকে শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে। অভিভাবকেরা তাকিয়ে আছেন। সুতরাং যত দিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে প্রতিটি মুহূর্তকে লেখাপড়ার কাজে লাগাতে হবে। কারণ, এই মুহূর্তটিই তোমাদের আগামীর ভবিষ্যৎ গড়ে দেবে, আগামীর বাংলাদেশের জন্য সহায়ক হবে।’

বিশ্ববিদ্যালয় উপাচার্য এম এনামউল্যার সভাপতিত্বে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ, সৈয়দ জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সহ–উপাচার্য অধ্যাপক শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ট্রেজারার জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিন, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন প্রমুখ।