শরীয়তপুর সদর হাসপাতাল
ছাদ আটকে রাখা হয়েছে খুঁটিতে
পাঁচ বছরে ভবনটির বিভিন্ন স্থানে ছয় দফা ছাদ ভেঙে পড়েছে। দুই বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ মতামত দিয়ে ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল।
শরীয়তপুর সদর হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদের ধস ঠেকাতে বিভিন্ন স্থানে লোহার খুঁটি বসানো হয়েছে। আতঙ্ক নিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক ও কর্মাচারীরা। রোগী ও তাঁদের স্বজনদের অবস্থা আরও খারাপ।
গত পাঁচ বছরে শরীয়তপুর সদর হাসপাতাল ভবনের বিভিন্ন স্থানে অন্তত ছয় দফা ছাদ ভেঙে পড়েছে। এতে রোগী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। গণপূর্ত বিভাগের ডিজাইন শাখা থেকে দুই বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ মতামত দিয়ে ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছিল।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, ১৯৮৫ সালে জেলা শহরের চৌরঙ্গী এলাকায় শরীয়তপুর সদর হাসপাতাল নির্মাণ করা হয়। তখন একটি দ্বিতল ভবনে হাসপাতালের কার্যক্রম চলত। ওই সময় ভবনটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। এরপর ২০০৩ সালে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। ২০০৬-০৭ অর্থবছরে ওই দ্বিতল ভবনের ওপরেই তৃতীয় তলা বর্ধিত করা হয়। তখন ওই কাজ করেছিল তৎকালীন সংসদ সদস্য হেমায়েত উল্লাহ আওরঙ্গর ঠিকাদারি প্রতিষ্ঠান। আর কাজটি বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
‘মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে দায়িত্ব পালন করছি। কর্তৃপক্ষ বিষয়টিতে কোনো গুরুত্ব দিচ্ছে না।’আক্তার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট
দ্বিতল ভবনটির ছাদ ফুটো করে নিচের থেকে ৫০টি পিলার (খুঁটি) তিনতলা পর্যন্ত নেওয়া হয়। পুরোনো ছাদ ও বিমের সঙ্গে রড দিয়ে খুঁটির সংযোগ স্থাপন করা হয়। তার ওপরেই তিনতলার ছাদ নির্মাণ করা হয়। ভিত ছাড়া তিনতলা ভবন নির্মাণ করায় হাসপাতাল ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়ে।
হাসপাতালের দোতলা ও তিনতলায় রোগী রাখার ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি), বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্লক রয়েছে। আর নিচতলায় জরুরি বিভাগ, বহির্বিভাগ, কর্মকর্তাদের অফিসকক্ষ, ডায়রিয়া ওয়ার্ড, ফার্মেসি, ওষুধ-পথ্যের গুদাম, স্টোররুম রয়েছে।
সাবেক সংসদ সদস্য হেমায়েত উল্লাহ আওরঙ্গর ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৯ সালে ভবনের বর্ধিত অংশের কাজ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বুঝিয়ে দেয়। এর ৯ বছরের মাথায় ২০১৮ সালে নিচতলার পূর্ব দিকে বহির্বিভাগের চিকিৎসকদের কক্ষের সামনে ছাদ ভেঙে পড়ে। তখন সেখানে থাকা তিন রোগী আহত হন। এরপর এক্স-রে বিভাগে, হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে, অফিস কক্ষে, বহির্বিভাগের ওয়েটিং রুম, টিকিট কাউন্টারের সামনে ছাদ ভেঙে পড়েছে।
এমন পরিস্থিতিতে ভবনটি ব্যবহারের উপযোগী কি না, তা পরীক্ষা করতে গণপূর্ত বিভাগে চিঠি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ২০২১ সালের ২৮ জুলাই গণপূর্তের ডিজাইন বিভাগের একটি বিশেষজ্ঞ দল হাসপাতাল ভবন পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষার পর একটি প্রতিবেদন দেন গণপূর্তের ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী লিন্টু গাজী। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভবনটির কাঠামোগত নকশা পাওয়া যায়নি। তাই এর ভিত (ফাউন্ডেশন) সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।
‘বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলে প্রতিদিন ৮০০-৯০০ মানুষ এ হাসপাতালে চিকিৎসা নেন। প্রতিদিন গড়ে দেড়-দুই হাজার মানুষ হাসপাতালে যাতায়াত করেন। হাসপাতালের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রত্যেক মানুষ ঝুঁকিতে থাকেন। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নিয়ে আমরা চিকিৎসাসেবা দিচ্ছি।’সুমন কুমার পোদ্দার, শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভবনটির নিচতলায় বিভিন্ন স্থানে ছাদে, বিমে ও কলামে ফাটল রয়েছে। বিভিন্ন স্থানে পলেস্তারা ও কভার খুলে গেছে। এমন অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ। ওই স্থানে নতুন একটি ভবন নির্মাণের সুপারিশ করা হয় প্রতিবেদনে। আর ভবনটি সাময়িক ব্যবহার করতে হলে বিম, স্ল্যাব ও কলাম (খুঁটি) সংস্কার করার পরামর্শ দেওয়া হয়েছিল।
১০০ শয্যার শরীয়তপুর সদর হাসপাতালটিকে ২৫০ শয্যায় রূপান্তরের ঘোষণা দেয় সরকার। হাসপাতাল ক্যাম্পাসে নতুন একটি আটতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ২০১৮ সালে ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। এদিকে বর্তমান হাসপাতাল ভবনের নিচতলার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে লোহার খুঁটি বসিয়ে ছাদ ও বিম ঠেকা দিয়ে রাখা হয়েছে।
‘ঝুঁকিপূর্ণ হাসপাতাল ভবনটি এখন আমাদের কাছে বড় চাপ। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে বহুবার এ সমস্যার কথা জানিয়েছি। নতুন ভবনটিও নির্মাণকাজ শেষ হচ্ছে না। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহার করতে হচ্ছে।’আবদুস সোবহান, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক
সরেজমিন
গত ৩০ মে সরেজমিনে সদর হাসপাতালে দেখা যায়, ভবনের নিচতলায় করিডরে, বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে, ডায়রিয়া ওয়ার্ডে যাওয়ার করিডরে, এক্স-রে কক্ষে, অফিস কক্ষে লোহার খুঁটি বসানো হয়েছে। মেঝে থেকে ছাদ ও বিমের সঙ্গে খুঁটিগুলো আটকে দেওয়া হয়েছে। রোগী ও রোগীর সঙ্গে আসা লোকজন আতঙ্ক নিয়ে হাসপাতাল ভবনে অবস্থান করছেন।
২০২০ সালে হাসপাতালের এক্স-রে বিভাগের একটি কক্ষের ছাদ ভেঙে পড়ে। তখন ওই অংশটুকু লোহার খাঁচা বানিয়ে সংস্কার করা হয়। সেখানে ছাদ ভেঙে পড়া ঠেকাতে ওই কক্ষের ভেতর আটটি লোহার খুঁটি লাগানো হয়েছে। ওই বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে দায়িত্ব পালন করছি। কর্তৃপক্ষ বিষয়টিতে কোনো গুরুত্ব দিচ্ছে না।’
শরীয়তপুর সদরের ধানুকা এলাকার বাসিন্দা সুজন ব্যাপারী ভাগনেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। ভবনের এমন পরিস্থিতি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সুজন বলেন, ‘আমরা চিকিৎসা নিতে এসে না আবার হতাহত হয়ে যাই।’
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলে প্রতিদিন ৮০০-৯০০ মানুষ এ হাসপাতালে চিকিৎসা নেন। প্রতিদিন গড়ে দেড়-দুই হাজার মানুষ হাসপাতালে যাতায়াত করেন। হাসপাতালের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রত্যেক মানুষ ঝুঁকিতে থাকেন। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নিয়ে আমরা চিকিৎসাসেবা দিচ্ছি।’
শরীয়তপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুর রহমান বলেন, হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ। আরেকটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সেই ভবনের দুটি ফ্লোর শিগগিরই প্রস্তুত করে হাসপাতালের কার্যক্রম সেখানে সরিয়ে নেওয়া যাবে।
জানতে চাইলে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ হাসপাতাল ভবনটি এখন আমাদের কাছে বড় চাপ। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে বহুবার এ সমস্যার কথা জানিয়েছি। নতুন ভবনটিও নির্মাণকাজ শেষ হচ্ছে না। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহার করতে হচ্ছে।’