খড়ের গাদায় এক ব্যক্তির দুটি পা বের হয়ে ছিল, তারপর...
সকালে ঘুম থেকে উঠে গ্রামের একটি খড়ের গাদার ভেতর দড়ি বাঁধা দুটি পা দেখতে পান লোকজন। কোনো সাড়াশব্দও নেই। খড়ের ভেতরে লাশ আছে ভেবে তাঁরা খড়ের গাদাটি ঘিরে রাখেন। ভয়ে কেউ খড়ের গাদার ধারের কাছেও যাননি।
খবর পেয়ে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ সদস্যরা যখন গাদা থেকে খড় সরাচ্ছিলেন। তখন মানুষটি নাড়াচাড়া করতে শুরু করেন। পরে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি।
আজ সোমবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম মানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি তাঁর নাম-ঠিকানা বলতে পারেননি। আশপাশের কেউ তাঁর পরিচয় জানাতে পারেনি।
কয়েকজন গ্রামবাসী বলেন, তাঁরা সকালে ঘুম থেকে উঠে দেখেন আনোয়ারের বাড়ির খড়ের গাদায় এক ব্যক্তির দুটি পা বের হয়ে ছিল। দুই পায়ে রশিও প্যাঁচানো ছিল। লাশ ভেবে তাঁরা খড়ের গাদাটি ঘিরে রাখেন। এরপর তাঁরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গবু সরদারকে ডেকে আনেন। এরপর তিনি থানায় খবর দেন। খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজনও সেখানে জড়ো হন। পুলিশ ছুটে এসে লাশটি উদ্ধারের প্রস্তুতি শুরু করে। পুলিশ খড়ের গাদা থেকে খড়ে সরিয়ে ফেলতে শুরু করে। খড় সরানোর পর ওই ব্যক্তি নড়াচড়াও শুরু করেন। এরপর তাঁকে খড়ের গাদা থেকে টেনে তুলে নিচে নামিয়ে আনা হয়। এরপর তাঁকে থানা-পুলিশ এনে পৌর কাউন্সিলরের জিম্মায় দেন।
কাউন্সিলর গবু সরদার বলেন, ‘পাগল লোকটি কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। খড়ের গাদার ভেতর থেকে উদ্ধারের পর তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে কম্বল দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খড়ের গাদার ভেতর লাশ রয়েছে বলে খবর পান তাঁরা। পুলিশ ঘটনাস্থলে ঘিয়ে খড়ের গাদাটি ঘেরাও করে রাখেন। এরপর গাদার খড় সরিয়ে জীবন্ত এক মানুষকে পাওয়া গেছে। ওই মানসিক ভারসাম্যহীন মানুষটির পরিচয় পাওয়া যায়নি।