রাজশাহীর গোদাগাড়ীতে বিরোধপূর্ণ জমি দখলের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের এসএ (এস্টেট অ্যাকুইজিশন) শাখার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বুধবার গোদাগাড়ীর ইয়াজপুর গ্রামের মাহমুদা ইসলাম বাদী হয়ে রাজশাহীর ১ নম্বর আমলি আদালতে আবেদনটি করেন। তবে আদালত এখনো কোনো আদেশ দেননি।
মামলার আবেদনে সেলিম রেজাকে প্রধান বিবাদী করে তাঁর ভাই শামসুজ্জোহাকে ২ নম্বর বিবাদী করা হয়েছে। মামলার আসামি ২০ জন। প্রধান বিবাদী সেলিম রেজাকে গত সোমবার রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়।
মামলার আরজিতে সেলিম রেজার বিরুদ্ধে ১৪০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জমি দখল করতে যাওয়ার অভিযোগ করা হয়। ১০ জুলাই সেলিম রেজা নিজেই গোদাগাড়ীর ইয়াজপুরে বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
মামলার আরজিতে বলা হয়, তাঁদের ওয়াকফ এস্টেটের ৩৯৯ বিঘা জমি দখল করার জন্য বিভিন্ন সময়ে সেলিম রেজা ও অন্য আসামিরা দাঙ্গা-হাঙ্গামা করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুবাদে সেলিম রেজা ডিসি ও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থান থেকে ১৪০ জনের বেশি ভাড়াটে সন্ত্রাসী এনে দেশি অস্ত্র, বোমা ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে নালিশি জমিতে উপস্থিত হন। ওই দিন মামলার বাদীর স্বামীর উত্তরাধিকার সূত্রে পাওয়া ‘হাজি মানিকুল্যা ওয়াকফ এস্টেটের’ জমিতে বেআইনিভাবে ঢুকে স্থানীয় কৃষক ও বর্গাদারদের ওপর হামলা করা হয়। সেলিম রেজার হাতে থাকা হাঁসুয়ার আঘাতে বাদীর জামাতা রজব আলী গুরুতর আহত হন। তিনি মাটিতে পড়লে সেলিম রেজার ভাই শামসুজ্জোহা চায়নিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। মামলার আরজিতে সেলিম রেজার বিরুদ্ধে প্রতিপক্ষ চাষিদের হত্যার হুকুম দেওয়ার অভিযোগ করা হয়।
বাদীপক্ষে আদালতে মামলার আবেদন করেছেন আইনজীবী আজিমুশসান। তিনি বলেন, আদালতে আরজি দাখিল করা হয়েছে। কিন্তু আজ আদালত কোনো আদেশ দেননি।
সেলিম রেজার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডিসি কার্যালয়ের প্রভাব খাঁটিয়ে বিরোধপূর্ণ জমি দখলে ভূমিকা রাখা ও সুবিধার বিনিময়ে ভূমির শ্রেণি পরিবর্তন করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, বিরোধপূর্ণ জমি কিনে তা স্ত্রী-স্বজনদের নামে নিবন্ধন করিয়ে নেন সেলিম রেজা। এ ঘটনায় কিসকো মুরমু নামের এক ব্যক্তি ভূমিসচিব বরাবর অভিযোগ করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসককে তদন্ত করতে বলা হয়। অভিযোগের পর সেলিম রেজাকে এসএ শাখা থেকে অন্য শাখায় বদলি করা হয়। কিন্তু পরে ঘটনার তদন্ত এগোয়নি। আগের জেলা প্রশাসক আবদুল জলিল নিজের বদলির আগে সেলিমকে আবার এসএ শাখায় পুনর্বহাল করেন।
১০ জুলাই গোদাগাড়ীর ইয়াজপুরে বিরোধপূর্ণ জমি দখল করতে যান সেলিম ও তাঁর সহযোগীরা। এতে চারজন নিহত হন। ঘটনার পর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জেলা প্রশাসককে একটি ‘অবহিতকরণ প্রতিবেদন’ দেন। সেখানে সেলিম রেজাকে সংঘর্ষের একটি পক্ষ হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার সময় তিনি নিজেও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেলিমের অনিয়ম-দুর্নীতি নিয়ে ১২ জুলাই প্রথম আলো অনলাইনে ‘জমি দখলে নেতৃত্ব দেন ডিসি কার্যালয়ের কর্মচারী সেলিম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।