হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার পর সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাকিমপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ধরন্দা ফকিরপাড়া মহল্লাসংলগ্ন রেললাইনের পশ্চিমে ভারতের হিলি থানার কুণ্ডুপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সাহাবুল হোসেন ওরফে বাবু (২৪) একই ওয়ার্ডের ধরন্দা মহল্লার আবুল হোসেন মণ্ডলের ছেলে।

নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা। তবে সূত্রের মাধ্যমে পাওয়া লাশের ছবি দেখে এটি সাহাবুলের লাশ বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী বাবলী আক্তার। লাশটি বর্তমানে বিএসএফের কাছে আছে।

সীমান্তবর্তী ওই এলাকার বাসিন্দারা বলেন, গতকাল সন্ধ্যায় সীমান্তের ওপার থেকে ভারতের ভেতরে দুটি গুলির শব্দ শুনতে পান এ পারের বাসিন্দারা। পরে বাংলাদেশ সীমান্তের অংশে স্থানীয় লোকজন লাশ দেখতে ভিড় করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা বাংলাদেশ সীমান্ত অংশে নিরাপত্তা জোরদার করে।

স্থানীয় ফকিরপাড়ার বাসিন্দা কামরুন্নাহার বেগম বলেন, সন্ধ্যার দিকে স্থানীয় মুহাড়াপাড়া ও হাঁড়িপুকুর গ্রামের কয়েকজন যুবক এসে সাহাবুলের নিহত হওয়ার খবর দেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল রফিকুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ভারতের অভ্যন্তরে ৩০০ থেকে ৪০০ গজের মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটেছে—এমন খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতের নাগরিক, তা আমরা নিশ্চিত নই। এটি জানার চেষ্টা করছি। আজ শনিবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

নিহত সাহাবুল ইসলামের স্ত্রী বাবলী আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের জন্য খাবার আনতে সাহাবুল ইসলাম বাড়ির বাইরে যান। এরপর আর ফেরেননি। আজ সন্ধ্যায় পাড়ার লোকজনের মুখে শুনতেছি, আমার স্বামীকে নাকি বিএসএফ গুলি করে মেরে ফেলছে।’