মানিকগঞ্জের শিবালয়
বিএডিসির জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া
২০০৪ সালে গুদামের জায়গা ও অন্যান্য স্থাপনা ভাড়া নেন আবদুর রশিদ। মেয়াদ শেষ হলেও তিনি দখল ছাড়ছেন না।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সারের গুদামের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। জায়গা ভাড়া নেওয়া ব্যক্তি শর্ত ভঙ্গ করে সেখানে স্থাপনা নির্মাণ করে লোকজনের কাছে ভাড়া দিয়েছেন। ওই জায়গা দখলমুক্ত করতে বিএডিসি ভাড়াটেকে একাধিকবার নোটিশ দিলেও সরকারি জায়গাটি দখলমুক্ত হয়নি। উল্টো নতুন করে পাকা স্থাপনা নির্মাণ করে দোকানঘর হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার টেপড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশ ঘেঁষে বিএডিসির জায়গাটি উসমান আলী নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়েছে। তিনি সেখানে ভাঙারি মালামালের ব্যবসা করছেন। ভাঙারি দোকানের এক কর্মচারী জানান, আবদুর রশিদ মল্লিকের কাছ থেকে উসমান ভাড়া নিয়ে ওই জায়গায় ব্যবসা করছেন। এ ছাড়া সম্প্রতি ওই ভাঙারি মালামালের দোকান ঘেঁষে পূর্ব পাশে নতুন করে আধা পাকা ভবন (টিনশেড ঘর) নির্মাণ করেছেন আবদুর রশিদ। ওই ভবনও দোকানঘর হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
বিএডিসির মানিকগঞ্জের সহকারী পরিচালকের (সার) কার্যালয় থেকে পাওয়া নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ১৯৬৭ সালে উপজেলার শিবরামপুর মৌজায় বিএডিসির সারের গুদাম নির্মাণের জন্য ২০ শতক জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। একই বছরে ওই জমিতে ২০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সারের গুদাম, গুদামের কার্যালয় এবং দারোয়ান শেড নির্মাণ করা হয়। ২০০৪ সালের মার্চে উপজেলার সমেজঘর তেওতা এলাকার আবদুর রশিদ মল্লিকের কাছে গুদামের ভবন ও অন্যান্য স্থাপনা ভাড়া দেওয়া হয়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাড়া চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে ভাড়া চুক্তির শর্ত ভঙ্গ করে আবদুর রশিদ গুদামের ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে টিনশেড একতলা ভবন নির্মাণ করেন। এরপর গুদামের পাশে বিএডিসির জায়গায় দোকানপাট নির্মাণ করে অন্যকে ভাড়া দেন। এসব কারণে ২০১৬ সাল থেকে একাধিকবার গুদাম খালি ও বিএডিসির জায়গা দখলমুক্ত করার জন্য একাধিকবার লিখিতভাবে জানানো হলেও আবদুর রশিদ ওই জায়গা ছাড়ছেন না।
বিএডিসির সূত্র বলছে, বিএডিসির অধিগ্রহণ করা জায়গায় নিজের জায়গা রয়েছে দাবি করে শাহজাহান মজনু নামের এক ব্যক্তিকে দিয়ে যুগ্ম জেলা জজ-১ আদালতে একটি দেওয়ানি মামলা করান আবদুর রশিদ। ভাড়ার চুক্তি বাতিল করলে বিএডিসি যাতে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে না পারে, এ জন্য আবদুর রশিদ ওই ব্যক্তিকে দিয়ে বিএডিসিকে বিবাদী করে মামলা করেন, যা এখনো চলমান। বিএডিসির জোরালো দাবি, অধিগ্রহণ করা এলকায় কারও জমি নেই।
বিএডিসির মানিকগঞ্জের উপসহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ওই গুদাম ও অন্যান্য স্থাপনা খালি করতে ভাড়াটে আবদুর রশিদকে নোটিশ দেওয়া হয়েছিল। ২০১৬ সালে এই নোটিশের বিরুদ্ধে ভাড়াটে উচ্চ আদালতে রিট করেন। পরের বছর উভয় পক্ষের শুনানি শেষে উচ্চ আদালত রিট খারিজ করে বিএডিসির পক্ষে আদেশ দেন। পরে ২০১৮ সালে ভাড়াটে ছয় মাসের জন্য ভাড়ার মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তবে ভাড়ার শর্ত ভঙ্গ করায় বিএডিসি কর্তৃপক্ষ তাঁর আবেদন বাতিল করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে আবদুর রশিদ মল্লিক বলেন, ভাড়ার জামানত এবং গুদাম মেরামত বাবদ তাঁর প্রায় ১৪ লাখ টাকা ব্যয় হয়েছে। এই টাকা না পেলে তিনি ওই জায়গা থেকে সরবেন না।