গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় পলাতক স্বামী ৬ বছর পর গ্রেপ্তার
গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় গৃহবধূ শিল্পী আক্তার ওরফে শিলা (২২) হত্যার ঘটনায় ছয় বছর পর তাঁর স্বামী পলাতক মো. শফিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রোববার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন লুটিয়ার চালা গুচ্ছগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গতকালই আদালতে তোলার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ সোমবার দুপুরে পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। শিল্পী আক্তার গাজীপুর মহানগরের মরিচের চালা এলাকার মো. সোলেমানের মেয়ে। শফিকুল ইসলাম মাদারীপুরের কালকিনি থানার কমলাপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সুপার মাকছুদের রহমান জানান, শফিকুল ইসলাম গাজীপুরের ভিআইপি ২৭ নম্বর বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। শিল্পী আক্তারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের মাধ্যমে ২০১১ সালে বিয়ে হয়। তারপর নবদম্পতি টঙ্গীর এরশাদনগর এলাকায় শফিকুলের মায়ের ভাড়া বাসাতে বসবাস করতে থাকেন। ২০১৬ সালে ১৪ সেপ্টেম্বর বিকেলে শিল্পী তাঁর খালা বেবী বেগমের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার জন্য বের হয়ে নিখোঁজ হন। ওই বছরের ২৩ সেপ্টেম্বর টঙ্গী মডেল থানাধীন উত্তর দত্তপাড়া টেকবাড়ী আবদুর রশিদের বাড়ির তালাবদ্ধ একটি কক্ষ হতে দুর্গন্ধ বের হলে স্থানীয় ও আশপাশের লোকজন পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিল্পীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিল্পীর খালা বেবী বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।
শিল্পী ঘুমিয়ে থাকা অবস্থায় শফিকুল শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজা বাইর থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান।
মাকছুদের রহমান আরও জানান, টঙ্গী মডেল থানার পুলিশ হত্যা মামলাটি তদন্ত করে রহস্য উদ্ঘাটন না করতে পেরে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য স্বপ্রণোদিত হয়ে পিবিআইকে দায়িত্ব দেয়। মামলাটি তদন্তকালে প্রাপ্ত তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পিবিআই শিল্পীর স্বামী শফিকুলকে গ্রেপ্তার করে।
পিবিআই পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর শফিকুল হত্যাকাণ্ডে জড়িত মর্মে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, স্ত্রী শিল্পীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এ কারণে তাঁর মা তাঁদের বাড়ি থেকে বের করে দেন। পরে তাঁরা টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ী আবদুল রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর রাতেও তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে ওই দিন ভোররাত চারটার দিকে শিল্পী ঘুমিয়ে থাকা অবস্থায় শফিকুল শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজা বাইর থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান।
শফিকুল ইসলামের জবানবন্দি আদালত ১৬৪ ধারায় রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।