কাজে যোগ না দিয়ে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কে যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দিতে কারখানায় যান। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের এলাকার সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাঁদের অনেককে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়
ছবি: প্রথম আলো

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় জানিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ আছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।