জনগণের ভোটে যাদের সরকার গঠনের সুযোগ নেই, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: হাফিজ উদ্দিন
দেশে একটি বিশেষ মহল শান্তিপূর্ণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ উদ্দিন। গতকাল সোমবার বিকেলে ভোলার লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, যেসব দল মনে করে জনগণের ভোটে তাদের সরকার গঠন করার সুযোগ নেই, এ ধরনের দলগুলোই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সরকারের একটি মহল তাদের মদদ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর ভাষায়, ‘মূলত তারা গণতন্ত্র চায় না।’ হাফিজ উদ্দিন বলেন, নির্বাচনেও তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই—এ বাস্তবতা উপলব্ধি করেই তারা নির্বাচন পণ্ড করার চেষ্টায় লিপ্ত হয়েছে। এর পেছনে প্রতিবেশী রাষ্ট্রেরও ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ধানের শীষের প্রার্থী হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী। তারাই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে নেবে। এর মধ্য দিয়ে ভবিষ্যতেও বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান সরকারকে ইঙ্গিত করে হাফিজ উদ্দিন বলেন, এই সরকারের আয়ু আছে আর মাত্র এক সপ্তাহ। এই সময়ে দীর্ঘমেয়াদি চুক্তি করা শোভনীয় নয়। নির্বাচিত সরকার যারাই আসুক, তারাই চুক্তি করবে। এ ধরনের তৎপরতা জনগণ ভালো চোখে দেখছে না বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত।