সই জাল করে গ্রাহকদের ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তার সাজা

নোয়াখালী আদালতপ্রথম আলো

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্রাহকদের সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক এক ব্যবস্থাপককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম মো. বেলায়েত হোসেন। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের বাসিন্দা ও রূপালী ব্যাংক পিএলসির সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক।

রায় ঘোষণার সময় আসামি বেলায়েত হোসেন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রূপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করা অবস্থায় ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে নগদ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন, যা দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগপত্র দাখিল করেন। আদালতে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন।

দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আদালত ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তিন ধারায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানাও করেছেন।