রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজবাড়ী আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ী সভাপতি আব্দুল বারী (বাঁয়ে) ও সম্পাদক আব্দুর রাজ্জাক

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদের প্রার্থী এ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ–সমর্থিত জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহসম্পাদক ও সদস্যপদে দুজন বিজয়ী হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলায় বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অশোক কুমার সাহা।

নির্বাচনে মোট ২১৩ জন ভোটারের মধ্যে ২১০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত জোট–সমর্থিত ‘বারী-রাজ্জাক-রিপন’ পরিষদের কাজী আব্দুল বারী ওরফে কুটিন। তিনি পেয়েছেন ১২০ ভোট।  সহসভাপতি পদে আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক-২ ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া সহসম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম এম শাহিয়ার জামান রাজীব ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্যপদে আব্দুল্লাহ আল আমান ১৫৫ ভোট, মো. ওলিউল্লাহ শিকদার চঞ্চল ১৩৪, মো. মোশারফ হোসেন ১২১ ভোট, মো. হান্নান আহমেদ ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগ–সমর্থিত ‘মোস্তফা-রফিক-বিপ্লব’ পরিষদের সহসম্পাদক পদে মো. আরব আলী ১০৮ ভোট পেয়ে এবং সদস্যপদে মো. শরিফুল ইসলাম ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অশোক কুমার সাহা। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ-উল হাসান শামীম ও মুহাম্মদ ওবায়দুর রহমান।