শুক্রবার চট্টগ্রামের যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আটটি এলাকায় আগামীকাল শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ফাইল ছবি: প্রথম আলো

পাইপলাইন স্থানান্তর ও ভাল্‌ভ সংস্কারের জন্য আগামীকাল শুক্রবার চট্টগ্রামের আট এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার বিকেল চারটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ কারণে টাইগারপাস এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১০ বার উচ্চ চাপসম্পন্ন পাইপলাইন স্থানান্তর এবং ৮ ইঞ্চি ব্যাসের ১০ বার উচ্চ চাপসম্পন্ন দুটি ভালভ সংস্কার করা হবে। ফলে লালখান বাজার, কাজির দেউড়ি, আসকার দিঘির পাড়, এনায়েত বাজার, রিয়াজউদ্দিন বাজার, ওয়াসা, চট্টেশ্বরী, দামপাড়া পুলিশ লাইনসসহ সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জানতে চাইলে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ শুরু হতে পারে।