সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে: ডেপুটি স্পিকার

নেত্রকোনার দুর্গাপুর অডিটোরিয়ামে জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ বুধবার বিকেলেছবি: প্রথম আলো

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামাল।

আজ বুধবার বিকেলে দুর্গাপুর অডিটোরিয়ামে জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন স্থাপনের লক্ষ্যে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘আমি নির্বাচনের আগে বলেছিলাম, পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেলপথ বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে রেললাইন সম্প্রসারণের কথা আছে। সে অনুযায়ী দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। ইতিমধ্যে একনেকে অনুমোদিত পাঁচটি বড় ব্রিজের মধ্যে চারটিই আমার সংসদীয় আসন দুর্গাপুর-কলমাকান্দায় পড়েছে। আমাদের এই অবহেলিত দুর্গাপুর-কলমাকান্দায় ১০৮ বছর যাবৎ শুধু রেলগাড়ি ও রেললাইন দেখি, কিন্তু রেলে আসতে পারি না। আজ যারা এ মহান কাজ বাস্তবায়নের লক্ষ্যে এখানে এসেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদ খান।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘রেলপথ সম্প্রসারণ সহজে হয় না। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। যেহেতু আমরা ছুটে এসেছি, তাই এই দাবি বাস্তবায়নে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। ১২ কিলোমিটারের মতো রেলপথ হলে চলবে। তবে সেখানে আনুষঙ্গিক অনেক বিষয় আছে। কয়েকটি সেতু করতে হবে। সুতরাং একটু সময়ের প্রয়োজন হবে।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ‘দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাকৃতিক লীলাভূমি আমাদেরকে বিমোহিত করে। সরকারের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হয়। অতি শিগগিরই আমরা একটা সমীক্ষা প্রকল্প হাতে নেব। আশা করি, এই সরকারের আমলেই সেটা বাস্তবায়ন হবে।’