মৌলভীবাজারের সড়কে রাধাচূড়ার শোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বিভাজকে লাগানো রাধাচূড়া গাছগুলোতে ফুটেছে ফুল। শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

‘দুপুরবেলা যখন যাবি সে পথ দিয়ে/ কৃষ্ণচূড়া রাধাচূড়া যে পথে দাঁড়িয়ে/ যেথায় কথা তোর সাথে মোর পক্ষকাল/ বৃষ্টিভেজা কুঁড়ি ফোটানোর স্বপ্নজাল’—মৌলভীবাজার পৌর শহরের শ্রীমঙ্গল সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় হাঁটলে কবি কৃষ্ণা দাসের এই কবিতার কথা মনে পড়ে যেতে পারে। ওই সড়কে এখন রাজত্ব করছে রাধাচূড়ার ফুল। সড়ক বিভাজকের মধ্যে একটার পর একটা ছোট ছোট গাছে বসেছে হলুদ ও লাল-হলুদ ফুলের মেলা।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দক্ষিণ দিক থেকে শুরু করে একের পর এক রাধাচূড়াগাছ। ঢাকা বাসস্ট্যান্ড হয়ে শ্রীমঙ্গলের দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় পর্যন্ত এভাবে দখল নিয়েছে হলুদ ও লাল–হলুদ ফুলের হাসি।

শুক্রবার সকালে ওই সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, দুই পাশে সড়ক। মাঝখানে বিভাজক। সকাল হওয়ায় সড়ক তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। দুয়েকটি আন্তজেলা বাস এসে বাসস্ট্যান্ডে থামছিল। সেই গাড়ি থেকে যাত্রীরা নামছিলেন। ঢাকাগামী গাড়িগুলো তৈরি হচ্ছে বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়ার জন্য। হুটহাট দুয়েকটা গাড়ি এদিক-ওদিক ছুটে যাচ্ছিল।

সকাল পেয়ে ফুরফুরে বাতাস বইছিল। সেই হাওয়ায় এদিক-ওদিক দুলছিল রাধাচূড়াগাছের ডালপালা। এতেই যেন নাচন লাগে ফুলের দলে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে রং ছড়িয়ে নাচছিল ফুলগুলো। দুয়েকটা প্রজাপতি বা মৌমাছি ফুলের পাপড়িতে এসে বসছিল। একটু থেকে আবার উড়ে যাচ্ছিল।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শ্রীমঙ্গল সড়কে রাধাচূড়াগাছে অনেক ফুল ফুটেছে। খুব সুন্দর লাগে। এখন এই সড়ক দিয়ে গেলে মন ভালো হয়ে যায়। রাধাচূড়ার গাছগুলো যাতে নষ্ট না হয়—এ জন্য নিয়মিত পরিচর্যা করা হয়। সড়ক বিভাজকের খালি জায়গায় আরও গাছ লাগানো হবে।’

সড়ক বিভাজকজুড়ে তিন-চার ফুট উঁচু গাছগুলোর ডালে ডালে রঙের উচ্ছ্বাস
ছবি: প্রথম আলো

শ্রীমঙ্গল সড়কের সব রাধাচূড়ার ডালে ফুটেছে থোকায় থোকায় ফুল। কোনোটিতে হলুদ রঙের ফুল ফুটেছে। কোনোটিতে লাল রঙের। আবার কোনোটিতে হলুদ–লালের মিশেল। সড়ক বিভাজকজুড়ে তিন-চার ফুট উঁচু গাছগুলোর ডালে ডালে এ রঙের উচ্ছ্বাস।

এ ছাড়া বেরিরপাড় মোড় থেকে হাসপাতালসংলগ্ন এলাকা পর্যন্ত কয়েকটি গাছে বেগুনি রঙের ফুরুস ফুটেছে। এই ফুল দেখতে অনেকটা জারুল ফুলের মতো। জারুল ভেবে অনেকে বিভ্রান্ত হচ্ছেন।

মৌলভীবাজার শহরের বুক চিরে চলে যাওয়া ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এটি। এ ছাড়া সড়কটি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌলভীবাজার শহরে ঢোকার পথ হওয়ায় সহজেই পথচারীর চোখে পড়ছে ফুলের এ মেলা।

শ্রীমঙ্গল সড়কের বিভাজকে ফোটা বেগুনি ফুরুস। এটিকে জারুল বলে ভুল করেন অনেকেই
ছবি: প্রথম আলো

পৌর মেয়র মো. ফজলুর রহমান পৌরসভার কর্মীদের দিয়ে শহরের বিভিন্ন স্থানে ও সড়ক বিভাজকে গাছ লাগিয়ে থাকেন। মেয়র নিজেই এসব দেখভাল করেন। তাঁর সঙ্গে এ কাজে স্বেচ্ছায় যুক্ত থাকেন কানাডাপ্রবাসী নুরুর রহমান। তিনি বছরের একটা নির্দিষ্ট সময় দেশেই থাকেন। এ সময় নিজেও শহরের বিভিন্ন স্থানে গাছ লাগান।

নুরুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রীমঙ্গল সড়কের সব কটি গাছে সুন্দর ফুল ফুটেছে। দেখতে চমৎকার লাগছে। তবে কিছু স্থান ফাঁকা রয়ে গেছে। এসব স্থানে আরও অনেক রাধাচূড়া লাগানো যাবে। এ ছাড়া রোডস অফিসের কাছে (সওজ কার্যালয়) একটি আইল্যান্ড খালি রয়েছে। এটিতেও রাধাচূড়ার গাছ লাগানো দরকার।