টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে শিল্প-পুলিশ। গতকাল রোববার রাতে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহারে ওই আসামির নাম নেই। গ্রেপ্তার অন্য আসামিদের জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ মামলায় এখন ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে গ্রেপ্তার ওই আসামির নাম মো. রফিকুল ইসলাম। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ রাজনগর এলাকার বাসিন্দা। রফিকুল একটি শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি এলাকায় আবর্জনা সংগ্রহের ব্যবসা করত বলে জানা যায়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মামলা তদারক কমিটির সভাপতি মো. ইমরান আহম্মেদ জানান, মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ও সন্দেহভাজন আসামি রাতুলের আদালতে দেওয়া জবানবন্দিতে রফিকুলের নাম এসেছে। সেই সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়ছে। রফিকুল এত দিন পলাতক ছিলেন। পরবর্তী সময়ে গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাতে টঙ্গীর কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইমরান আহম্মেদ বলেন, এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছেন তাঁরা। এ ঘটনায় আরও কিছু ব্যক্তির নাম এসেছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

শহিদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন। গত ২৫ জুন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার ‘প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড’ কারখানায় শ্রমিকদের পাওনা টাকা আদায়সংক্রান্ত কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সাতজনের বিরুদ্ধে মামলা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার। প্রাথমিক অবস্থায় মামলাটির তদন্ত করছিল টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। পরবর্তী সময়ে ৬ জুলাই মামলাটির তদন্তভার পেয়ে নতুন করে মাঠে নামে গাজীপুর জেলা শিল্প পুলিশ।

আরও পড়ুন