কিশোর গ্যাং নেতা রতন কীভাবে মিছিলের পেছনে দাঁড়িয়েছেন, জানতেন না বলে দাবি ছাত্রদল নেতার
কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বে একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের (২৫) উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর সংবাদ সম্মেলন করেছেন মহসিন। তাঁর দাবি, রতনের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই। বড় পরিসরের ওই মিছিলে হাজারো মানুষের ভিড়ে রতন কীভাবে তাঁর পেছনে এসে দাঁড়িয়েছেন, তা তিনি জানতেন না।
আজ সোমবার বিকেলে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন মহসিন।
গত বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ওই বিক্ষোভ মিছিল হয়। মিছিলের অগ্রভাগে মহসিনকে এবং তাঁর ঠিক পেছনে রতনকে দেখা যায়—এমন একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে গত শনিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে “কিশোর গ্যাং লিডার” রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। রতন কুমিল্লা নগরের অন্যতম শীর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’—এর প্রধান।
সংবাদ সম্মেলনে মহসিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা, বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলের একটি অংশে ছিলেন। তিনি সামনে থেকে মিছিলের নেতৃত্ব ও শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত ছিলেন। পেছনে কে ছিলেন, তা দেখার সুযোগ তাঁর ছিল না।
মহসিন বলেন, ‘মিছিলের পেছনে হাজারো নেতা–কর্মীর মাঝখানে একজন বিতর্কিত ব্যক্তি আমার পেছনে চলে আসে। ওই সময় সে কীভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, সেটা আমরা কেউ খেয়াল করতে পারিনি।’ রতনের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই দাবি করে মহসিন বলেন, ‘কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। পারসোনাল কোনো সম্পর্ক নেই। এটা দলীয় একটি বৃহৎ কর্মসূচি।’
মহসিনের ভাষ্য, পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন, রতন এর আগেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসবের বিষয়ে তিনি অবগত ছিলেন না।
মহসিন আরও বলেন, ‘আমার জানামতে, সে আমার দলের কোনো নেতার কোনো কর্মী নয়।’ তিনি জানান, মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। রতন কার মাধ্যমে মিছিলে এসেছেন এবং কেন এসেছেন, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এই ছাত্রদল নেতা বলেন, মিছিলের ভিডিও তিনি অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিও প্রকাশের আগে তিনি সেটি দেখেছিলেন। তবে তাঁর দাবি, রতন যে একজন বিতর্কিত ব্যক্তি বা কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না। জানলে ওই ভিডিও প্রকাশ করতেন না।
নিজের রাজনৈতিক অবস্থানকে বিতর্কিত করতে একটি পক্ষ এ ঘটনা ব্যবহার করছে বলেও দাবি করেন মহসিন। তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি।