গাজীপুর-৩ : জামায়াত নেতার বিরুদ্ধে অপপ্রচার ও সুনামহানির অভিযোগ বিএনপি প্রার্থীর
গাজীপুর–৩ আসনে জামায়াতের এক নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও সুনামহানির অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)। আজ বুধবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযুক্ত আবুল কালাম আজাদ শ্রীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। তিনি উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।
লিখিত অভিযোগ ও প্রার্থী এস এম রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল কালাম আজাদ তাঁর ফেসবুক আইডিতে বিএনপি প্রার্থী ও তাঁর দলকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি জানান, বিএনপি প্রার্থীর দুই কর্মীকে পাঁচ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশ দুজনকে আটক করেছিল। ওই দুজনের বিরুদ্ধে মাদকের কারবারসহ একাধিক মামলা রয়েছে। ওই সব মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ দায়ের করে ফেরার পথে এস এম রফিকুল ইসলাম বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তাঁর সম্মান ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরিজীবী হয়ে সরকারি বেতন-ভাতা ভোগ করে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে রাজনীতি করছেন।
এ বিষয়ে আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি একটি অনলাইন নিউজপোর্টালে এমন খবর দেখেছিলাম। পরে ফেসবুকে পোস্ট দিয়েছি। এ বিষয়ে পরে আবার সংশোধনী দিয়ে নতুন পোস্ট দিয়েছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’