নরসিংদীতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫, বন্ধ করা হলো রাস্তার পাশের বাজারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে সবজিবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ও রাস্তার পাশের বাজারের দুই সবজি বিক্রেতা ঘটনাস্থলে নিহত হন। পরে আরেকজন মারা যান। এদিকে দুর্ঘটনার পর রাস্তার পাশের সবজি বাজারটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর এলাহী। তিনি বলেন, সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনায় প্রথমে চারজনের মৃত্যু হয়। পরে আরেকজনের মৃত্যু হয়।

নিহত পাঁচজন হলেন রায়পুরার মাহমুদাবাদের মেশিনঘর এলাকার সিদ্দিক মিয়া (৫৫) ও নীলকুঠি এলাকার আবুল কালাম (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের মো. সিদ্দিক (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কালাম (৪০) ও ভৈরব ফেরিঘাট এলাকার বজলু মিয়া (৬০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় স্থানীয় পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে ফেরা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে ট্রাকটি মহাসড়ক থেকে ১৫ গজ দূরে সবজি বাজারে গিয়ে উল্টে যায়। এ সময় এর নিচে চাপা পড়েন অন্তত পাঁচজন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা পুলিশ জব্দ করেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে, কোনোভাবেই মহাসড়কের পাশে হাটবাজার বসানো যাবে না। কিন্তু তারপরও স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা অবৈধভাবে সবজির বাজারটি বসিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বিক্রি করতেন। তিন মাসের ব্যবধানে এ বাজারে দুই দফা দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে বাজারটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

এর আগে গত ৩০ জুন এই সবজির বাজারে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন ক্রেতা-বিক্রেতা নিহত হন।