গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আজ বৃহস্পতিবার সকালে আগুন লাগেছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দেউলিয়াবাড়ির একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ির তিনটি ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে
ছবি: প্রথম আলো

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম আজ সকাল নয়টার দিকে বলেন, ‘আমরা সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, কাজ চলমান।’