অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই–চাঁদাবাজি করেন তাঁরা
অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীসহ লোকজনের কাছ থেকে মুঠোফোন, টাকা ছিনতাই করেন তাঁরা। চলে চাঁদাবাজি ও ডাকাতিও। আর এ কাজে তাঁদের নেতৃত্ব দেন নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তাঁর এক সহযোগীসহ ছয়জনকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর পুলিশ আজ এ তথ্য জানায়। গ্রেপ্তার ছয়জন হলেন মো. আসিফ, মো. হাসান, মো. ফয়সাল, আজিম উদ্দিন, মো. রিফাদ ও মো. জুয়েল।
সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। অপরাধজগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি। ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান।
নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. রইছ উদ্দিন আজ দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ছয়টি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল, দুটি কাটার, একটি ড্রিল মেশিনসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আসামিরা বায়েজিদ বোস্তামীসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে পথচারীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই করে আসছে। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে থানায়। সাজ্জাদসহ তাঁর সহযোগী পলাতক বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।