পটুয়াখালীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, বিএনপি নেতাকে কারণ দর্শাও নোটিশ

বিএনপির লোগো

চাঁদার দাবিতে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদার দাবিতে মারধরের মতো অভিযোগ দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংগঠনের দৃষ্টিগোচর হয়। নোটিশ দেওয়ার পর অভিযুক্ত বিএনপির নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

মির্জাগঞ্জের সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাস (৫০) অভিযোগ করেন, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন জয়নাল আবেদীন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কলেজপড়ুয়া ছেলে ঋত্বিক দাস মাদকের সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জয়নাল আবেদীনকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়। তাঁর জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।