বগুড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকার একটি ভাড়া বাসাতে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শামীমকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। শামীমের বাড়ি বগুড়ায়।
র্যাব ও থানা-পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনার দিন বেলা দুইটার দিকে ওই ছাত্রী বাড়ির কাছে যমুনা নদীতে গোসল করতে যায়। ওই সময় শামীম হোসেন ওই ছাত্রীর পায়ের জুতা ইচ্ছা করে ভুট্টাখেতে ছুড়ে দেন। সেটি আনতে গেলে শামীম ওই ছাত্রীকে খেতের ভেতরে ধর্ষণ করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ওই ছাত্রীকে তার মা হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। পরে ৬ মার্চ ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে শামীম হোসেনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করেন। গ্রেপ্তার এড়াতে শামীম আত্মগোপন করেন।
র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ঘটনার পরপরই শামীম কক্সবাজার আত্মগোপন করেন। ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকেন। সর্বশেষ মঙ্গলবার সকালে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে শামীমের অবস্থান নির্ধারণ করে র্যাবের একটি দল। এরপর কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার একটি বহুতল ভবনের ভাড়া বাসা থেকে শামীমকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ধর্ষণের কথা স্বীকার করেন।