বিআরটি প্রকল্পের মতো ভোগান্তি বাংলাদেশে আর কোথাও হয়নি: ওবায়দুল কাদের
রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলছে প্রায় ১১ বছর ধরে। দীর্ঘ সময় ধরে চলা প্রকল্পটি সাধারণ মানুষের যে ভোগান্তিতে ফেলেছে, তা বাংলাদেশের আর কোথাও হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দর এলাকায় প্রকল্পের একটি ওভারপাস পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘গাজীপুরে ড্রেনেজ সিস্টেম অনেক দুর্বল। এখানে বৃষ্টি হলে পানি সরে না। প্রকল্পটি (বিআরটি) নেওয়ার আগে বিষয়গুলো ঠিকমতো ভাবনাচিন্তায় নিলে ভালো হতো। এসব কারণে এই প্রকল্প মানুষকে যে ভোগান্তিতে ফেলেছে, তা সারা বাংলাদেশের আর কোথাও হয়নি। এমনকি ঢাকার ভেতরে হওয়া মেট্রোরেল প্রকল্প, ঢাকায় এত মানুষ, তা-ও এটা খুব দুর্ভোগের সৃষ্টি করেনি।’
ব্যর্থতা থাকলে সেই দায় স্বীকারের সাহস আছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘কোথাও কোনো ব্যর্থতা থাকলে সে দায় স্বীকার করে নেওয়ার মতো সৎসাহস আমার আছে। সারা বাংলাদেশে আমরা অনেক কাজ করেছি। বাংলাদেশ সড়কব্যবস্থায় সমতল থেকে পাহাড় পর্যন্ত সুদৃঢ় সংযোগ স্থাপন করেছি। আমরা আধুনিক যোগাযোগব্যবস্থা দৃশ্যমান করেছি। শুধু এই একটা প্রকল্পই আমাদের ভোগান্তি সৃষ্টি করেছে।’
পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এলাকার ওভারপাস পরিদর্শন শেষে ওবায়াদুল কাদেরের গাজীপুরের টঙ্গীর আরেকটি উড়ালসড়ক পরিদর্শনের কথা ছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত টঙ্গী যাননি। বিমানবন্দর এলাকার ওভারপাসটি পরিদর্শন করে চলে যান।
এ সময় ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এবারে ঈদযাত্রা সম্পূর্ণ ব্যতিক্রম। বিগত বছরগুলোর তুলনায় এবার জনগণকে সম্পূর্ণ যানজটমুক্ত ঈদ উপহার দিতে পেরেছি। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক। এর মধ্যে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু করে দেওয়ায় ঈদযাত্রার ষোলোকলা পূরণ হয়েছে। এটা তরুণ সমাজের জন্য প্রধানমন্ত্রীর উপহার। এটা সবার মাঝে আনন্দ জুগিয়েছে।’
সড়ক দুর্ঘটনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাধারণত ঈদ ও ঈদপরবর্তী কর্মস্থলে ফেরার সময়টা দুর্ঘটনাপ্রবণ। এ সময় সড়কে প্রাণহানি বেড়ে যায়। সাবধানতা ও সতর্কতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সবাই মিলে চেষ্টা করলে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রমুখ।