গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযানে মদ উদ্ধার, গ্রেপ্তার ৬
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (৩৪), ফয়জুল ইসলাম খান (৩৫), ইফতিয়ার কাসেম চার্লী (৩০), জিহাদ আহম্মেদ (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও আবির হোসেন (২৩)।
গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় অবস্থিত ওই রিসোর্টে গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই সময় সেখানে একটি ডিজে পার্টি চলছিল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাতভর অভিযান চালিয়ে রিসোর্টটি থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। এ সময় ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯টি এক্সটেসি, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১টি বিয়ার ও ৩ বোতল ভোদকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম জানান, রিসোর্টটিতে গতকাল ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহনকারী তরুণ–তরুনীদের মাঝে বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করা হয়। এ আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নেন জাহিদুল আলম।