‘ট্রেনে ধূমপান করব, জরিমানা করেন’ রেলকর্মীকে বিএনপি নেতার হুমকি

রেলকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান বিএনপি নেতা ইদ্রিস মিয়াছবি: ভিডিও থেকে নেওয়া

ট্রেনে ধূমপানের বিষয়ে নিষেধ করায় রেলকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক বিএনপি নেতা। তাঁর নাম ইদ্রিস মিয়া। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক। গত বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে ব্রাক্ষণবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ঘটনার ভিডিও আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে আছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওই সময় একজন রেলকর্মী তাঁকে উদ্দেশ করে বলেন, আপনি ট্রেনে সিগারেট খেতে পারবেন না। তখন ইদ্রিস মিয়া জানতে চান, কেন? এ সময় রেলকর্মী বলেন, ট্রেনে ধূমপান নিষেধ। উত্তরে ইদ্রিস মিয়া বলেন, ‘নিষেধ এটা আমিও জানি। দরজার পাশে এসেছি সিগারেট খেতে। ট্রেনে ধূমপান করব, আপনি জরিমানা করেন।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকা থেকে চট্টলা এক্সপ্রেসে চট্টগ্রাম ফিরছিলাম। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছি হাতে সিগারেট নিয়ে। তখন আমাকে বাধা দেন। দরজায় দাঁড়িয়ে অন্য যাত্রীরাও সিগারেট খেয়েছেন। পরে আমি আর খাইনি। বিষয়টি সুন্দরভাবে না বলে খারাপ ব্যবহার করেছেন রেলকর্মী।’

ট্রেনের ভেতরে ধূমপান আইনত নিষিদ্ধ। তাই এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।