শিবচরে দুটি অটোভ্যানের সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে এই ভ্যানের যাত্রী ছিলেন সাফিয়া বেগম। দুর্ঘটনায় তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে দুটি ব্যাটারিচালিত ভ্যানের (অটোভ্যান) মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রীর ডান পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের খানকান্দি উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ওই নারীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

আহত ওই নারীর নাম সাফিয়া বেগম (৫০)। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আইয়ুব আলী মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে ছোট মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন সাফিয়া বেগম। শিবচর থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে পাঁচ্চরের উদ্দেশে রওনা হন তাঁরা। শিবচর-পাঁচ্চর সড়কের খানকান্দি ইকবাল ক্লাবের কাছে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে তাঁদের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাফিয়া বেগমের হাঁটু থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী খলিল খান প্রথম আলোকে বলেন, অটোভ্যান দুটির অনেক গতি ছিল। ভ্যান দুটি দ্রুত চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই নারী পাঁচ্চরগামী ভ্যানটিতে সামনে বসা ছিলেন। বিপরীতমুখী ভ্যানটি সজোরে তার ডান পায়ে এসে আঘাত করে। এ কারণেই ওই নারীর পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সোলাইমান সুজন বলেন, ‘দুর্ঘটনায় আহত ওই নারীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠিয়েছি। এ সময় তাঁর বিচ্ছিন্ন পায়ের অংশটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজন অটোভ্যান দুটিকে আটক করতে পারলেও চালকেরা পালিয়ে গেছেন।