সিলেটে হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরের দরবস্তে ছয় বছর আগে জয়নাল আবেদীন নামের এক যুবককে হত্যার দায়ে দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত মো. ইব্রা‌হিম আজ রোববার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মামুন আহমদ, ক‌বির আহমদ, ত‌রিকুল ইস‌লাম, জিয়াউর রহমান, আলিম উদ্দিন, আখলাকুর রহমান, জ‌সিম উদ্দিন, সুহেল আহমদ, ইকবাল হোসেন ও র‌হিম উদ্দিন। তাদের মধ্যে দরবস্ত ইউনিয়নের করগ্রামের মামুন আহমদ ও মানিকপাড়ার ক‌বির আহমদকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মবিনুর আহমেদকে খালাস দিয়েছেন আদা‌লতের বিচারক। আজ প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকা‌রি কৌঁসু‌লি রন‌জিত সরকার।

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে ফান্দুগ্রামের জয়নাল আবে‌দিনকে ধারালো অস্ত্র দিয়ে কু‌পিয়ে জখম করেন আসামিরা। পরে এ‌ ঘটনায় জয়নাল আবে‌দিনের বাবা মনফর আলী বাদী হয়ে ১২ জনকে আসা‌মি করে জৈন্তাপুর থানায় মামলা করেন।

সিলেট জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকা‌রি কৌঁসু‌লি রন‌জিত সরকার বলেন, মামলায় ৩০ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পলাতক। অন্যরা আদালতে রায়ের সময় উপ‌স্থিত ছিলেন।