‘ভিক্ষা করা ছাড়া গতি নাই’, উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা

পরিবারের উপার্জনক্ষম এতমাত্র ছেলে সেলিম হাওলাদারকে হারিয়ে দিশাহারা মা সেলিনা বেগম (সবুজ জামা পরা)।মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসে ১৫ হাজার টাকা বেতনে চারজনের সংসার চালাতেন সেলিম হাওলাদার (২২)। তাঁর আয়ের ওপরই নির্ভরশীল ছিলেন বৃদ্ধ মা–বাবাসহ পরিবারের সবাই। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন সেলিম। তাঁকে হারিয়ে এখন দিশাহারা পরিবারটি। ছেলের চিকিৎসায় শেষ হয়েছে জমানো টাকা, সামনে সংসার চালানোরও কোনো পথ দেখছেন না মা–বাবা।

সেলিমদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে। তবে জীবিকার তাগিদে প্রায় ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করছে পরিবারটি। সংসারের অভাব ঘোচাতে সাভারের জুতার একটি কারখানায় কাজ করতেন সেলিম। মাসে ১৫ হাজার টাকা বেতন পেতেন সেলিম। তাঁর উপার্জনেই চলত পরিবারের ছয় সদস্যের সংসার।

মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। এখন কী হইব জানি না। ছেলেকে হারানোর বিচার কি পাব আমরা। পাব না। সরকারও আমাগো দিকে তাকাইবে না। বৃদ্ধ বয়সে ভিক্ষা করা ছাড়া আমাগো আর কোনো গতি নাই।
সেলিনা বেগম, নিহত সেলিম হাওলাদারের মা

৪ নভেম্বর কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন সেলিম। গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেলিমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশাহারা তাঁর বাবা রহিম হাওলাদার ও মা সেলিনা বেগম।

ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে এমনিতেই আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এখন সংসার চালানোর কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাঁরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

নিহত সেলিম হাওলাদার
ছবি: সংগৃহীত

সেলিমের মা সেলিনা বেগম বলেন, ‘মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। এখন কী হইব জানি না। ছেলেকে হারানোর বিচার কি পাব আমরা। পাব না। সরকারও আমাগো দিকে তাকাইবে না। বৃদ্ধ বয়সে ভিক্ষা করা ছাড়া আমাগো আর কোনো গতি নাই।’

গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে সেলিমের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আজ মঙ্গলবার সরেজমিনে সেলিমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মা–বাবা। মা সেলিনা বেগম (৫৫) বারবার কান্নায় ভেঙে পড়ছেন। ছেলে সেলিমের স্মৃতি মনে করে কাঁদছেন বাবা রহিম হাওলাদারও (৬৫)। বাড়ির পরিবেশ শোকাতুর। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করছেন।

পরিবারের সদস্যরা জানান, ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সেলিম মারধরের শিকার হন।

স্বজনদের অভিযোগ, পোশাক কারখানার অন্য শ্রমিকেরা সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।

সেলিমের বাবা রহিম হাওলাদার বলেন, ‘আমার ছেলে এভাবে মইরা যাইতে পারে না। এই শোক কিফিলে মানমু কন। সংসারে আয়ের একমাত্র ব্যক্তি ছিল আমার বাজানে। আমরা এখন কীভাবে বাঁচব, সংসার কীভাবে চলব, বুঝতে পারছি না।’

এ সম্পর্কে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ‘শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদার নিহতের ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তাঁর পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। পরিবারটি যদি সাহায্যের জন্য আবেদন জানায়, তাহলে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’