রাস্তাটি এখন গলার কাঁটা

বড় বড় গর্তে এখন পানি জমে যানবাহন চলাচল একরকম বন্ধের উপক্রম হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারী লোকজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাছিমপুর-বলেটিয়া বাইপাস সড়কের গর্তে পানি জমে নালার সৃষ্টি হয়েছে। সম্প্রতি জামালপুর শহরের মাছিমপুরে
ছবি: প্রথম আলো

২০১৮ সালে যানজট নিরসনের লক্ষ্যে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে জামালপুর পৌর শহরের মাছিমপুর-বেলটিয়া বাইপাস সড়ক নির্মাণ করা হয়। নির্মাণের তিন মাসের মধ্যেই সড়কটির বিভিন্ন স্থান ভেঙে বেহাল সড়কে পরিণত হয়। এর পর আর কখনোই সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। চার বছর ধরে বেহাল থাকায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বড় বড় গর্তে এখন পানি জমে যানবাহন চলাচল একরকম বন্ধের উপক্রম হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারী লোকজন।

এলজিইডি সূত্র জানায়, ওই রাস্তাটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে দেওয়া হয়েছে। তবে সওজের ভাষ্যমতে, তারা এখনো কাগজপত্রে সড়কটি পায়নি। ফলে উভয় প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে চার বছরেও সড়কটি কোন প্রতিষ্ঠানই মেরামতের উদ্যোগ নেয়নি। তাদের সমন্বয়হীনতায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শরিফপুর ইউনাইটেড পাওয়ার প্লান্টের মোড় থেকে সড়ক দিয়ে এগোতেই মাছিমপুর এলাকা। রেলওয়ে লেভেল ক্রসিংয়ের সামনেই সড়কটি ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে হাঁটুসমান পানি জমে আছে। একটু সামনেই মাছিমপুর জামে মসজিদের সামনের সড়কে দুটি শিশু গর্তের মধ্যে খেলাধুলা করছে। কারণ, পুরো সড়কের এমন অবস্থার কারণে বেশিরভাগ যানবাহন এই সড়কে এখন চলাচল করে না। সড়কটির কোথাও পিচ ঢালায় খুঁজেও পাওয়া যায়নি। পুরো সড়কটির এখন করুণ চিত্র। কোথাও বড় বড় গর্ত আবার কোথাও দেবে গেছে, কোথাও আবার বিশাল আকার ধরে সড়কে ফাটল ধরেছে। জুনাব খানের বাড়ির সামনের কালভার্ট ভেঙে সড়কটি দেবে গেছে। পুরো সড়কেই সৃষ্টি হয়েছে বিশাল গর্তের।

জামালপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, সোয়া ৪ কিলোমিটার মাছিমপুর-বেলটিয়া বাইপাস সড়কটি ৩ কোটি ৯৮ লাখ টাকায় নির্মাণ করা হয়। ২০১৭ সালে কাজটি শুরু হয়। ২০১৮ সালের মে মাসে নির্মাণকাজ শেষ হয়। এরপর যানবাহন চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা জানা গেছে, সড়কটি নির্মাণের তিন মাসের মাথায় পুরো সড়কটি বিধ্বস্ত হয়ে যায়। মাত্র তিন মাসের মধ্যে সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে ও দেবে যায়। বহু জায়গায় দেখা দিয়েছিল ফাটল। পরে ধীরে ধীরে পুরো সড়কটিই চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় কালভার্ট ভেঙে গেছে। সড়কটি এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শত শত পরিবারকে যানবাহনের অভাবে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক বলেন, যানজট নিরসনে ২০১৮ সালে সড়কটি নির্মাণ করা হয়েছিল। সড়কটি দিয়ে ৮ থেকে ১০ টন ওজনের ভারি যানবাহন চলাচলের কথা ছিল। কিন্তু ওই সড়কটি দিয়ে শুরুতেই ৩০ থেকে ৩৫ টন ওজনের যানবাহনও চলাচল করেছে। ফলে দ্রুত সময়ের মধ্যে সড়কটি ভেঙে যায়। ওই সড়কটি নতুন করে মেরামতের জন্যে জামালপুরের সওজ অধিদপ্তরকে দেওয়া হয়েছে। তারাই সড়কটি মেরামত বা নতুন করে প্রকল্প নেওয়ার কথা।

জামালপুর সওজের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘যেখানে সড়কটি এখনো আমাদেরই না, আমরা তো সেখানে কোন প্রকল্প গ্রহণ করতে পারি না।’