গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক

মুঠোফোনে টাকা লেনদেন করতে না পেরে এজেন্টদের দোকানে ভিড় করেন অনেক গ্রাহক। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন তামান্না তাহা। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছেন। কিন্তু নিজের মুঠোফোন থেকে নির্ধারিত ফি পরিশোধ করতে পারছেন না। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত আসেন গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকম নামের দোকানে।

সেখানে কথা হয় তামান্না তাহার সঙ্গে। তিনি বলেন, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবারই আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। তাঁর রকেট অ্যাকাউন্টে ফি পরিশোধের টাকা আছে। কিন্তু অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে না পারায় আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

গোপালগঞ্জে হঠাৎ করে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করতে পারছেন না অনেক গ্রাহক। গতকাল বুধবার দুপুরের পর থেকে অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। প্রথমে গ্রাহকেরা বিষয়টি বুঝতে পারেননি। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ টাকা পাঠাতে বা অন্য লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হেল্পলাইনে যোগাযোগ করে কিংবা পরিচিতদের কাছ থেকে খোঁজ নিয়ে অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন।

আজ বৃহস্পতিবারও অ্যাকাউন্ট বন্ধ থাকায় বিকাশ, নগদ, রকেটসহ বেশ কিছু মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকেরা টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারেননি। অ্যাকাউন্ট বন্ধের কারণ ও কত দিন এ অবস্থা থাকবে, তা জানতে না পেরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে গ্রাহকদের অনেকেই লেনদেন করতে পারছেন। এমএফএস প্রতিষ্ঠানগুলোর এজেন্টরাও লেনদেন করতে পারছেন।

আজ সকাল থেকে অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে প্রতিষ্ঠানগুলো থেকে এ–সংক্রান্ত খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। একটি প্রতিষ্ঠানের বার্তায় বলা হয়েছে, ‘স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

এ ধরনের বার্তা পাওয়ার পর গ্রাহকদের উদ্বেগ বেড়েছে। কী কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিংবা কত দিন অ্যাকাউন্ট বন্ধ থাকবে, এসব বিষয়ে বার্তায় স্পষ্ট কোনো বার্তা না পাওয়ায় অনিশ্চয়তায় রয়েছেন গ্রাহকেরা।

অনেক গ্রাহক লেনদেন করতে না পারায় এমএফএস এজেন্টের দোকানে লেনদেন কমে যায়। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ শহরের চাঁদমারি রোডের ব্যাংকপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

গোপালগঞ্জ সদর উপজেলার সিংগা গ্রামের কলেজছাত্র ধীমান বিশ্বাস শহরের বটতলা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে আসেন। কিন্তু টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ধীমান বিশ্বাস বলেন, তাঁর বড় বোন সাথী বিশ্বাস বুধবার রাতে বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছেন। সেই টাকা তুলে বাজার করার জন্য তিনি দোকানে এসেছিলেন। অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা তুলতে না পেরে বাজার না করেই বাসায় ফিরে যান তিনি।

আরও পড়ুন

হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, আজ সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে তিন থেকে চার শ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নিচ্ছেন।

আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারী হিসাব মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। তারই আলোকে সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে।
আরিফ হোসেন খান, মুখপাত্র ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শহরের অন্তত ১৫টি বিকাশ, নগদ ও রকেট এজেন্টের দোকানে গিয়ে টাকা তোলা ও লেনদেনের জন্য গ্রাহকদের অপেক্ষা করতে দেখা যায়। অনেকে অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা তুলতে পারছেন না। আবার কারও অ্যাকাউন্ট সচল থাকলেও আতঙ্কে সব টাকা তুলে নিচ্ছেন।
শহরের রিতা টেলিকম নামের একটি বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে আসেন মিয়াপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তাঁর বিকাশ অ্যাকাউন্ট এখনো সচল রয়েছে। তবে অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে নিজের অ্যাকাউন্ট নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারার আশঙ্কায় অ্যাকাউন্টে থাকা ১৩ হাজার টাকা তুলে নেন।

মেহেদী হাসান বলেন, হঠাৎ করে অনেকের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। নিজের অ্যাকাউন্ট এখনো সচল থাকলেও কখন বন্ধ হয়ে যায়, সেই চিন্তা হচ্ছে। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারলে সমস্যায় পড়তে হবে। এ কারণে আগেভাগেই অ্যাকাউন্টে থাকা সব টাকা তুলে নিয়েছেন তিনি।

গোপালগঞ্জের নিচুপাড়ার বাসিন্দা লতিফা বেগমের ছেলে ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছেলের পড়াশোনার খরচ পাঠানোর জন্য নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট বন্ধ। টাকা পাঠাতে না পেরে বিকল্প উপায় খুঁজতে গোপালগঞ্জের বড়বাজার এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানে আসেন। সেখানেও অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেননি।
লতিফা বেগম বলেন, ‘ঢাকায় থাকা ছেলের জরুরি খরচ পাঠানো দরকার ছিল। কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা পাঠাতে পারিনি। পরে ছেলের এক সহপাঠী তাঁর বিকাশ অ্যাকাউন্টে সাড়ে তিন হাজার টাকা পাঠালে সেই টাকা দিয়ে আপাতত ছেলের প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়।’

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশ। বুধবার বিকেলে হঠাৎ তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কারণ জানতে বিকাশের হেল্পলাইন নম্বরে ফোন করেন তিনি। সেখান থেকে তাঁকে জানানো হয়, তদন্তের স্বার্থে তাঁর নম্বরটি বন্ধ রাখা হয়েছে।

কাজী আকাশ বলেন, ‘আমি কোথাও থেকে অবৈধভাবে টাকা গ্রহণ করিনি, কাউকে সন্দেহজনকভাবে টাকাও পাঠাইনি। তাহলে আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো? হেল্পলাইন থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।’

এ বিষয়ে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারী হিসাব মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। তারই আলোকে সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এটি এমএফএস প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।