শ্রীপুরে ‘বাঘ দেখা গেছে’—ফেসবুকে এমন দাবি ছড়িয়েছে আতঙ্ক

রাতের অন্ধকারে সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রাণীটিকে।ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের মেকারপাড়া এলাকায় ‘বাঘ দেখা গেছে’—ফেসবুকে এমন কথা ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কবার্তাসহ বিভিন্ন পোস্টও ছড়িয়ে পড়ছে।

তবে বন বিভাগ প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলছে, এটি বাঘ নয়; বরং মেছো বিড়াল–জাতীয় একটি প্রাণী।

গত বৃহস্পতিবার বিকেল থেকে এলাকায় আতঙ্ক ছড়াতে থাকে। পরে রাতে ফেসবুকে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

মনির হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে লেখেন, ‘মেকারপাড়ায় বাঘ দেখা গেছে। এলাকার সবাই সতর্ক থাকুন।’ আরিফুল ইসলাম নামের আরেক ব্যক্তি দাবি করেন, গ্রামের মাছের খামারের আশপাশে ও বাড়িঘরের কাছে দুটি শাবকসহ প্রাণীটিকে প্রায়ই দেখা যায়। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এটি বাঘ নয়। ভিডিও দেখে আমার ধারণা, এটি মেছো বিড়াল। ভাওয়াল বনাঞ্চলে বহু বছর ধরেই এই প্রাণী আছে।
তারেক রহমান, গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক

এসব পোস্টের পর আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাঘসদৃশ’ প্রাণী দেখার দাবি করেন। কেউ কেউ একটি ছবিও শেয়ার করেন, যা স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন তুলেছেন বলে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে জানতে ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের ভাষ্য, কয়েক দিন ধরে তিনি রাতের অন্ধকারে একটি প্রাণী দেখতে পাচ্ছেন। সর্বশেষ সেটিকে একটি মাছের খামারের পাশে দেখা গেছে। প্রাণীটির আকার তুলনামূলক বড় এবং গায়ে ছোপ ছোপ দাগ থাকায় তাঁর সন্দেহ হয়েছিল।

প্রাণীটিকে একটি সিসিটিভি ফুটেজ দেখেছেন বলে দাবি করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি বাঘ নয়। ভিডিও দেখে আমার ধারণা, এটি মেছো বিড়াল। ভাওয়াল বনাঞ্চলে বহু বছর ধরেই এই প্রাণী আছে।’

প্রাণীটিকে নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এই বন কর্মকর্তা। তিনি বলেন, মেছো বিড়াল সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়।