‘টাকাগুলো ফেরত দিতে পারায় ভালো লাগছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তায় কুড়িয়ে পাওয়া লাখ টাকার বান্ডিল মালিকের হাতে তুলে দিলেন রিকশাচালক গফুর
ছবি: সংগৃহীত

রাস্তায় এক লাখ টাকা কুড়িয়ে পান এক রিকশাচালক। মালিকের সন্ধান পাওয়ায় আজ বুধবার বিকেলে তিনি ওই টাকা তাঁর হাতে তুলে দিয়েছেন। একজন সাধারণ রিকশাশ্রমিকের এ সততায় মুগ্ধ এলাকার মানুষ।

ওই রিকশাচালকের নাম আবদুল গফুর (৫৫)। তিনি ঠাকুরগাঁও শহরের পৌরসভা পুকুরের পাশে ভাড়া থাকেন।

এলাকার কয়েক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে গফুর ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের চব্বিশ টিউবওয়েল এলাকায় এক লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পান। পরে তিনি টাকার মালিককে ফেরত দিতে স্থানীয় কয়েকজনের কাছে সহযোগিতা চান। স্থানীয় লোকজনের মধ্যে এক ব্যক্তি টাকা কুড়িয়ে পাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

বিষয়টি নজরে এলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানার উপপরিদর্শক (এসআই) হিরন্ময় চন্দ্র রায়কে সেখানে গিয়ে ঘটনাটি যাচাই করতে বলেন। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে টাকার মালিকের খোঁজে নামে পুলিশ। সে সময় সদর উপজেলার কহরপাড়ার বাসিন্দা রেজাউল করিমও হারিয়ে যাওয়া টাকার খোঁজে ওই এলাকায় যান। সে সময় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হন। পরে পুলিশ গফুর ও টাকার দাবিদার রেজাউল করিমকে থানায় নিয়ে আসেন। পরে যাচাই করে গফুরের মাধ্যমে রেজাউলের হাতে টাকাগুলো তুলে দেন এসআই হিরন্ময় চন্দ্র রায় ও আল মামুন।

গফুর বলেন, ‘ওই টাকা তো আমার না। মালিককে ফেরত দেওয়ার জন্যই মানুষের সহযোগিতা চাইছিলাম। মালিককে টাকাগুলো ফেরত দিতে পারায় ভালো লাগছে।’
হারানো টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত রেজাউল করিম বলেন, ‘বর্তমান সময়ে গফুর ভাইয়ের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
সদর থানার ওসি ফিরোজ কবীর বলেন, ‘টাকা কুড়িয়ে পাওয়ার খবরটি জানার পর পুলিশ পাঠিয়ে টাকাগুলো প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে বলা হয়েছিল। শুনেছি, তারা ওই রিকশাচালকের হাত দিয়ে মালিকের কাছে পুরো টাকা তুলে দিয়েছেন।’