আইফোন ও টাকার লোভে চার বন্ধু কিশোরকে হত্যা করে: পুলিশ

সিয়াম মোল্যাছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

নিহত কিশোরের নাম সিয়াম মোল্যা (১৭)। সে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালিপ্রবাসী লিখন মোল্যার ছেলে এবং উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

এর আগে গতকাল সন্ধ্যার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

৭ মার্চ থেকে সিয়াম নিখোঁজ ছিল বলে জানান মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

আটক দুই কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, সিয়ামের কাছে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিল। সেটি বিক্রি ও টাকা ছিনিয়ে নিয়ে মাদকের জন্য অর্থ জোগাড় করতে তাকে হত্যার পরিকল্পনা করে ওই চার বন্ধু। পরিকল্পনা অনুযায়ী, ৭ মার্চ সিয়ামকে হত্যা করে পুকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত অন্য দুই কিশোরকেও আটকের চেষ্টা চলছে।