ধুনটে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি কারাগারে
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠায় পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ধুনটে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
কারাগারে পাঠানো আসামির নাম জহুরুল ইসলাম (৬৮)। তিনি ধুনট উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে তিন সন্তানসহ প্রতিবন্ধী ওই নারীকে (৩৬) শ্বশুরবাড়িতে রেখে পালিয়ে যান তাঁর স্বামী। এর পর থেকে ওই নারী বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। দারিদ্র্যের সুযোগ নিয়ে ওই নারীকে বিয়ের আশ্বাসে কুপ্রস্তাব দেন জহুরুল ইসলাম। এতে রাজি হননি ওই নারী। ৯ জুলাই বেলা আড়াইটার দিকে ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান ওই নারী। এই সুযোগে জহুরুল ওই নারীকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে মাঠের অন্যান্য কৃষকেরা ছুটে এলে জহুরুল পালিয়ে যান।
এ ঘটনায় গতকাল সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে জহুরুল ইসলামের নামে ধুনট থানায় ধর্ষণ মামলা করেন। গতকাল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জহুরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর ধুনট থানাহাজতে থাকা অবস্থায় জহুরুল ইসলাম দাবি করেন, ‘ওই নারীকে আমি বিয়ে করতে চাইছিলাম। তাকে ধর্ষণের ঘটনা ঠিক না। এলাকার লোকজন ক্ষতি করার জন্য কৌশল করে ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। ফলে মামলার আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।