ডিবি-র‍্যাব পরিচয়ে ট্রাকে ও প্রবাসীদের গাড়িতে ডাকাতি করত চক্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

সংঘবদ্ধ চক্রটি মহাসড়কসহ বিভিন্ন সড়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাব পরিচয়ে গরু ও মালবাহী ট্রাক এবং বিদেশফেরত যাত্রীদের যানবাহনে তল্লাশি চালাত। এরপর ভয়ভীতি দেখিয়ে মালামাল ডাকাতি করে নিয়ে যেত। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়কে চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিল। এই চক্র ডিবি পরিচয়ে গতকাল সোমবার ভোরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মারধর করে ১৯টি গরু ডাকাতি করে নিয়ে যায়।

আজ মঙ্গলবার ভোরে রূপগঞ্জের কর্ণগোপ ও ডেমরার সারুলিয়া বাজারে অভিযান চালিয়ে ওই ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতি হওয়ায় ১৯টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আন্তজেলা ডাকাত দলের সদস্য তোফা মীর শাওন (৩৩), নাদিম হাসান (৩০), জুয়েল মিয়া (২৯), কাউছার হোসেন (৩০), ফরহাদ মিয়া (২৬) ও মোজাম্মেল হোসেন (২৬)।

আজ দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশ পরিচয় পিস্তল ঠেকিয়ে ডাকাতেরা ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাঁর হাত-পা বেঁধে গরুসহ ট্রাক ডাকাতি করে নিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, সোমবার ভোরে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা বাইপাস সড়কের ভুলতা উড়ালসড়কে সাত-আটজনের ডাকাত দল নিজেদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় পিস্তল ঠেকিয়ে ওই ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাঁর হাত-পা বেঁধে গরুসহ ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। ট্রাকের চালক ও ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। গরুবোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে কুমিল্লা যাচ্ছিল।

পরে গরু ব্যবসায়ী জমির হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য তোফা মীর শাওন, নাদিম হাসানকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত ১৯টি গরু ও ট্রাক উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক, ৩০০ ফিটসহ বিভিন্ন সড়কে ভুয়া ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে গরুর ট্রাক, মালবাহী ট্রাক, বিদেশফেরত যাত্রীদের কাছ থেকে মূল্যবান স্বর্ণালংকারসহ নগদ টাকা ডাকাতি করত বলে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি ও অস্ত্র মামলা করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।