গাজীপুরের শ্রীপুর
সংরক্ষিত বনের মাটি চুরি
গভীর রাতে বনে মাটি কাটা হয়। ভোররাত পর্যন্ত বন থেকে ট্রাকের পর ট্রাক মাটি নিয়ে বের হয়।
সবুজ গাছগাছালির ঘন এক বন। আঞ্চলিক সড়ক থেকে সে বনের গাছপালার ফাঁক গলে চলে গেছে কাঁচা রাস্তা। রাস্তা ধরে ২০০ মিটার বনভূমি পার হলেই চমকে ওঠার মতো দৃশ্য। বনের ভেতর প্রায় ৫ বিঘায় ৩০ ফুট গভীর দুটি খাদ। সেখান থেকে বনভূমির মাটি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ দৃশ্য গাজীপুরে বন বিভাগের শ্রীপুর রেঞ্জের আওতাধীন সদর বিটের গাজিয়ারন এলাকার সংরক্ষিত বনে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গোসিংগা-শ্রীপুর সড়কের গাজিয়ারন এলাকায় বন বিভাগের একটি কংক্রিটের ফলক স্থাপন করা হয়েছে। ফলকে সেখানকার বনভূমি ও বনায়নের কিছু তথ্য লেখা আছে।
ফলক ঘেঁষে বনের ভেতর চলে গেছে একটি কাঁচা নিচু সড়ক। সড়কটিতে বড় ট্রাক চলাচলের ছাপ স্পষ্ট। ওই সড়ক ধরে উত্তর দিকে বনের ভেতর অল্প দূরে গেলেই চোখে পড়ে বিশাল একটি খাদ। এটির আয়তন অন্তত আড়াই বিঘা। এ খাদের গড় গভীরতা কমপক্ষে ২৫ ফুট।
মাটি কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানে কাউকে পাইনি। আমাদের ধারণা, মাটি কাটা চক্রের লোকজন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের গতিবিধির ওপর নজর রাখেন।বজলুর রশিদ, বিট কর্মকর্তা, শ্রীপুর সদর
খাদে রয়েছে শাল, গজারিসহ বিভিন্ন গাছপালা। খাদ দেখে মনে হয়েছে, এটি অতিসম্প্রতি খনন করা হয়েছে। ওই খাদের চারপাশের গাছের গোড়া থেকে মাটি কেটে নেওয়ার ফলে গাছগুলো যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আঞ্চলিক সড়ক থেকে নেমে আসা কাঁচা সড়কটি খাদের পাশ দিয়ে আরও কিছু দূরে উত্তর দিকে চলে গেছে। ওই সড়ক ধরে ১০০ মিটারের মতো উত্তরে গিয়ে চমকে উঠতে হয়। সেখানে বনের ভেতর গাছপালার গোড়া থেকে আরও বেশি গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। সেখানে গভীরতা কমপক্ষে ৩০ ফুট। এসব খাদের আশপাশে কোনো জনবসতি নেই। ফলে খাদ দুটির জায়গাটি একদমই নির্জন।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপুরের কর্ণপুর, গাজিয়ারন, বিন্দুবাড়ি, কাওরাইদ, মাওনাসহ বিভিন্ন এলাকার সংরক্ষিত বনের ভেতর থেকে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে বহু বছর ধরে। একটি বড় চক্র এসব মাটি কাটার সঙ্গে জড়িত। মাটিগুলো কেটে ডাম্প ট্রাকের মাধ্যমে দূরদূরান্তের ইটভাটা ও সিরামিক কারখানায় সরবরাহ করা হয়। এসব মাটির সবচেয়ে বড় ক্রেতা বিভিন্ন ইটভাটা। এ ছাড়া শিল্পকারখানা ও অন্যান্য স্থাপনা নির্মাণের জন্য নিচু জমি ভরাটের ক্ষেত্রেও বনের মাটি কেটে সরবরাহ করা হয়।
বনের ভেতর থেকে কারা কীভাবে মাটি কেটে নিচ্ছেন, এ বিষয়ে জানতে গোসিংগা, কর্ণপুর ও শ্রীপুর সদর এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, গভীর রাতে বন থেকে এসব মাটি কাটা হয়। ভোররাত পর্যন্ত বন থেকে ট্রাকের পর ট্রাক মাটি নিয়ে বের হয়।
স্থানীয় লোকজন বলেন, বন ও বিভিন্ন ফসলি জমির মাটি কাটার সঙ্গে বেশ কয়েকটি চক্র কাজ করে। প্রভাবশালী এসব চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে বন বিভাগের অসাধু কর্মচারী ও কর্মকর্তাদের। এ ছাড়া এসব চক্র ক্ষমতাসীন দলের কারও কারও প্রভাবকে কাজে লাগায়।
গোসিংগা গ্রামের মোক্তার হোসেন বলেন, রাতের আঁধারে বনের ভেতর এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হয়। মধ্যরাতের পর থেকেই সড়কগুলোতে ডাম্প ট্রাকের আনাগোনা বেড়ে যায়। এসব ট্রাকের বেশির ভাগ বন থেকে কেটে নেওয়া মাটি পরিবহন করে।
কর্ণপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান প্রশ্ন রেখে বলেন, রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের দুই কিলোমিটারের মধ্যে এত বড় মাটি চুরির ঘটনা সম্পর্কে বন বিভাগ কি কিছুই জানে না? একই গ্রামের মোস্তফা কামাল বলেন, বিশাল এলাকাজুড়ে মানুষের বসতি নেই। এ সুযোগকে কাজে লাগায় অসাধু চক্রটি। এ বিষয়ে বন বিভাগের কোনো তৎপরতা চোখে পড়ে না।
স্থানীয় বন বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, বনের ভেতরে বিভিন্ন জোতজমিতে অবৈধভাবে মাটি খনন করার নামে বনভূমির মাটি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। গাজিয়ারন গ্রামে যেখানে মাটি কাটা হয়েছে, সেখানে বনভূমির মাটি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। মাটি কাটার খবর পেয়ে বেশ কয়েক দফা রাতে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। মাঝেমধ্যে স্বল্প জনবল নিয়ে বনের গহিনে গিয়ে বিপাকে পড়তে হয় কর্মকর্তাদের। মাটি ব্যবসার সিন্ডিকেটের লোকজনের আক্রমণের ভয় থাকে।
শ্রীপুর রেঞ্জের অধীন শ্রীপুর সদর বিট কর্মকর্তা বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘মাটি কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানে কাউকে পাইনি। আমাদের ধারণা, মাটি কাটা চক্রের লোকজন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের গতিবিধির ওপর নজর রাখেন। তবে গাজিয়ারন এলাকায় মাটি কাটার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে, আরও মামলা হবে।’
বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, মাটি কাটার সঙ্গে যাঁরাই জড়িত থাকুন, যত শক্তিশালীই হোন, তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা এখনই বলতে চাননি এই কর্মকর্তা।