কথা না শোনায় শিশুকে শ্বাসরোধে হত্যা করেন সৎমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে আরিফা আক্তার (৮) নামের একটি শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার সৎমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার বিকেলে পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মো. নোমানের কাছে আয়শা আক্তার (২৫) নামের ওই নারী ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন। জবানবন্দি নেওয়ার পর বিচারক আয়শা আক্তারকে কারাগারে পাঠিয়ে দেন।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়ইবুনিয়া গ্রামে নিজ বাড়ির পেছনের খালের পাড় থেকে শিশু আরিফার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার সৎমা আয়শা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। গতকাল শুক্রবার বিকেলে আরিফার দাদি মাহিনূর বেগম বাদী হয়ে পুত্রবধূ আয়শা আক্তারকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

বিভিন্ন সময়ে আরিফাকে সৎমা আয়শা বকাঝকা করলে সে দাদির কাছে গিয়ে নালিশ করত। এ কারণে আয়শা আক্তার আরিফাকে ওর দাদির বাড়িতে যেতে নিষেধ করতেন।

আজ বিকেলে থানা-পুলিশ আয়শা আক্তারকে পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর আয়শা আক্তার শিশু আরিফাকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

নিহত আরিফা বড়ইবুনিয়া গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক আবু বকর শেখের মেয়ে। সে উপজেলার মাটিভাঙ্গা বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আয়শা আক্তারের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, শিশুটির বয়স যখন এক বছর, তখন তার মা কুলসুম বেগমের সঙ্গে আবু বকর শেখের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শিশুটিকে তার দাদি লালনপালন করেন। দেড় বছর আগে আবু বকর শেখ আয়শা বেগমকে বিয়ে করে আলাদা বাড়িতে থাকতে শুরু করেন। সঙ্গে মেয়েকেও রাখেন। তবে আরিফা সৎমা আয়েশা আক্তারের কথা শুনত না। তাকে মা বলে ডাকত না। বিভিন্ন সময়ে আরিফাকে সৎমা আয়শা বকাঝকা করলে সে দাদির কাছে গিয়ে নালিশ করত। এ কারণে আয়শা আক্তার আরিফাকে ওর দাদির বাড়িতে যেতে নিষেধ করতেন। গত বৃহস্পতিবার দুপুরে আরিফা বিদ্যালয় থেকে দাদির কাছে যায়। এ ঘটনা জানতে পেরে আয়শা আক্তার আরিফাকে ঘরে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ওই দিন সন্ধ্যায় আয়শা আক্তার আরিফার লাশ বাড়ির পেছনের খালের পাড়ে ফেলে আসেন।

সন্ধ্যায় প্রতিবেশী শাহিদা বেগম শিশুটির লাশ খালের পাড়ে দেখতে পান। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে এবং সৎমা আয়শা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আয়শা হত্যার কথা স্বীকার করেন। আজ বিকেলে পুলিশ আয়শাকে আদালতে হাজির করে।