চিহ্ন সাহিত্য পুরস্কার পেলেন কথাসাহিত্যিক হামিদ কায়সার
বাংলাভাষীদের ছোটকাগজের ‘চিহ্নমেলা’য় চিহ্ন সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটনম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, প্রাবন্ধিক ও অনুবাদক আলম খোরশেদ ও ছোটকাগজ ‘চিহ্ন’–এর সম্পাদক শহীদ ইকবাল।
এই মেলায় প্রথমবারের মতো দেওয়া হয় ‘চিহ্ন সারস্বত-সম্মাননা’। এবারে এই সম্মাননা পেয়েছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন। ‘চিহ্ন’ লিটলম্যাগ সম্মাননা দেওয়া হয় চট্টগ্রামের ছোটকাগজ তৃতীয় চোখ ও ভারতের পশ্চিমবঙ্গেরর ২৪ পরগনার ছোটকাগজ ‘নৌকো’কে। এ ছাড়া মেলায় আগত সব লিটনম্যাগকে চিহ্নস্মারক সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পেয়ে হামিদ কায়সার বলেন, ‘পদ্মায় এসে দেখলাম, খালি কাশফুল আর কাশফুল। কিন্তু চিহ্নমেলায় এসে দেখলাম, পদ্মা আর গঙ্গা মিলে একাকার।’ তিনি আরও বলেন, যাঁরা লিটল ম্যাগ, তাঁরা সমাজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল মানুষ। তাঁরা অশুদ্ধতা, অসততা, অন্যায় মেনে নিতে পারেন না। এ ছাড়া তাঁরা লিটলম্যাগের দায়িত্ব নেয় ব্যক্ত করার জন্য। এই পুরস্কারটা তাঁর জীবনের সবচেয়ে পরম পাওয়া হয়ে থাকবে।
চিহ্ন সম্পাদক শহীদ ইকবাল বলেন, যারা প্রচারবিমুখ, গণমাধ্যমে আসেন না। অথচ দারুণসব সাহিত্যকর্ম করে চলেছেন। সাহিত্যকেই বেছে নিয়েছেন, প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন। চিহ্ন তাঁদের সম্মানিত করে।
মেলার শেষ দিন বেলা ১১টায় 'লিটলম্যাগে লেখালেখি : দ্বৈরথ ও দ্বন্দ্ব’ নিয়ে আড্ডায় কথা বলেন সন্দীপ দত্ত, হোসেনউদ্দীন হোসেন, নারায়ণ রায়, রাজা সহিদুল আসলাম, মনিরুল মনির ও মনজু রহমান। পরপরই সন্দীপ দত্ত ও শহীদ ইকবালকে মধ্যমণি রেখে মেলা উপলক্ষে প্রকাশিত গ্রন্থ ও পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। বিকেলে রাহেল রাজীবের সঞ্চালনায় ‘গদ্য আখ্যান ও বাংলার গ্রামীণ জীবন’ নামক প্রবন্ধ পাঠ করেন মোস্তাক আহমেদ। এতে আলোচনা করেন কানাই সেন, তারেক রেজা, এম আবদুল আলীম, মাসুদুল হক ও কাজী রাফি।
সন্ধ্যায় পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় হাসান রাজার বাঁশি দিয়ে। এরপরই মঞ্চ মাতান বাউল গানের দল ‘মাতাল’। ড. শ্রদ্ধা নাগের ধ্রুপদি নৃত্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে পঞ্চমবারের মতো গত সোমবার শুরু হয় ছোটকাগজের চিহ্নমেলা। এদিন এই মেলার উদ্বোধন করেন লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি নির্মলেন্দু গুণ। মেলায় প্রায় দুই শ লিটলম্যাগ স্টল বসে। মেলায় পাঁচ শতাধিক লেখক, সম্পাদক ও পাঠক এসেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় ছোটকাগজ ‘চিহ্ন’ প্রায় দুই দশকের বেশি সময় ধরে নিয়মিত বের হচ্ছে। এর রয়েছে চিহ্ন পরিপূরক ‘স্নান’ ও ‘লোরকা’ ছোটকাগজ। ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চিহ্ন পরিপূরক হিসেবে ছোটকাগজ ছিল স্নান। ২০২২ সালে চিহ্ন পরিপূরক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘লোরকা’ ছোটকাগজ। সাহিত্য পত্রিকা চিহ্ন ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়। লেখালেখি ছাড়াও এখানে ধারাবাহিক পাঠচক্র, রোববারের আড্ডাসহ বিভিন্ন ধরনের কাজ হয়। গত ২২ বছরে চিহ্ন ৪৩টি সংখ্যা বের করেছে। এর আগে ২০১১, ২০১৩, ২০১৬ ও ২০১৯ সালে চিহ্নমেলার আয়োজন করা হয়। প্রতিবার মার্চে এই মেলা হলেও এবার করোনার কারণে বিলম্বে অক্টোবরে হচ্ছে এই মেলা।