দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে দায়ের কোপে প্রাণ হারালেন চা-শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের চা–বাগানে দর্গানা অলমিক (৪৫) ও তাঁর ভাই সুশীল অলমিকের (৪০) মধ্যে ঝগড়া লাগে। দুই ভাইয়ের এই ঝগড়া মেটাতে গিয়ে দায়ের কোপে রতি রাম নায়েক (৪০) নামের এক চা-শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা–বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্গানা অলমিককে আটক করেছে পুলিশ। ডবলছড়া চা–বাগানের শ্রমিকেরা পাহারা বসিয়ে দর্গানা অলমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহত রতি রাম নায়েক একই চা-বাগানের শ্রমিক গোপেশ নায়েকের ছেলে।

ডবলছড়া চা-বাগান সূত্রে জানা যায়, দর্গানা অলমিক ও সুশীল অলমিক ওই চা-বাগানের শ্রমিক। গতকাল রাতে দুই ভায়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তাঁদের বাগ্‌বিতণ্ডা তীব্র আকার ধারণ করলে প্রতিবেশী চা-শ্রমিক রতি রাম নায়েক সেখানে গিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেন।

এ সময় দর্গানা অলমিক ক্ষিপ্ত হয়ে দা দিয়ে রতি রাম নায়েককে এলোপাতাড়িভাবে কোপান। এতে রতি রাম নায়েক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শমশেরনগর নগরের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর রাত ১০টার দিকে পর রতি রাম নায়েকের মৃত্যু হয়। এ ঘটনায় সুশীল অলমিকও আহত হন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় চা-শ্রমিকদের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।