শ্যামনগরে সম্প্রতি সংস্কার করা পানি উন্নয়ন বোর্ডের বাঁধে ধস
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাতিনাখালীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্প্রতি সংস্কার করা বাঁধ ধসে গেছে। কয়েক দিন আগে ফাটল দেখা দেওয়ার পর গত শুক্রবার বাঁধের দাতিনাখালি হুলো অংশের ৩০ ফুট স্থান ধসে পাশের নদীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, পাঁচ মাস আগে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে মেরামত করা অংশের বাঁধ আবার ধসে গেল। এতে ধসে যাওয়া অংশের মাটিসহ উপরিভাগের জিও ব্যাগ নদীতে বিলীন হওয়ায় বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনের আশঙ্কা আছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর দাতিনাখালি হুলো এলাকায় ফাটল দেখা দেয়। পরবর্তী সময়ে বারবার বলা হলেও ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তদারকি না থাকায় গতকাল হঠাৎ বাঁধের বাইরের কিছু অংশ নদীতে ধসে গেছে। ধসে পড়া অংশ দ্রুত মেরামত করা না হলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করতে পারে।
বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা ও পরিবেশকর্মী জান্নাতুল নাইম বলেন, পাঁচ মাস আগে সংস্কারের সময় কাজ যথাযথভাবে না করায় সামান্য বৃষ্টিতেই শুক্রবার মাটিসহ জিও ব্যাগ নদীতে ধসে গেছে। পার্শ্ববর্তী কয়েকটি অংশেও একই ধরনের ফাটল দেখা দিয়েছে।
বাঁধে যে অংশ ধসে গেছে, ওই অংশের কাজ সম্পন্ন করা সহঠিকাদার ও শ্রমিক সরদার আইয়ুব হোসেন বলেন, কাজ বুঝিয়ে দেওয়ার পর তাঁর কোনো দায় নেই।
ভাঙনের বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম।
ধসে যাওয়া বাঁধের ওই অংশের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের অপর এক উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, ধসে যাওয়া অংশের ভেতর দিয়ে পৃথক বাঁধ থাকায় ভয়ের কিছু নেই। তারপরও দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া অংশে জিও শিট বিছিয়ে ধস ঠেকানো হবে।