ধর্ষণে বাধা দেওয়ায় আট বছরের শিশুকে গলা টিপে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী

যশোরের অভয়নগর উপজেলায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় এক তরুণ শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিশুটির বাবা জানান, তিনি একজন রাজমিস্ত্রি। তাঁর স্ত্রী পাটকলে শ্রমিকের কাজ করেন। তিনি শাশুড়ি, স্ত্রী এবং আট বছর ও চার মাস বয়সী দুই মেয়েকে নিয়ে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় পাঁচ মাস ধরে বসবাস করছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। তাঁর স্ত্রীও একই সময় পাটকলে কাজে যান। বাড়িতে তাঁর শাশুড়ির কাছে মেয়ে দুটি ছিল। তার বড় মেয়েটি বেলাল হোসেনের বাড়ির উঠানে বেলাল হোসেনের মেয়ের সঙ্গে খেলা করছিল।

শিশুটির বাবা আরও বলেন, সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে বেলাল হোসেনের ছেলে মো. রানা (২০) তাঁর বোনকে পাশের দোকান থেকে কিছু কিনতে পাঠান। বাড়িতে এ সময় কেউ ছিল না। এরপর রানা তাঁর মেয়েকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার করতে থাকলে রানা তাঁর মেয়ের গলা টিপে ধরেন এবং তার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করেন। খবর পেয়ে তাঁরা তাকে সেখান থেকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তিনি তাঁর মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। তাঁর মেয়ের অবস্থা ভালো নয়।

অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, ‘শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে এ ঘটনায় অভিযুক্ত তরুণকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেননি।’