ব্রাহ্মণবাড়িয়ায় মেশিনের চাপে কমছে হাতে তৈরি পাদুকা
ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে দীর্ঘ ৬০ বছর ধরে চলছে পাদুকা তৈরির কাজ। ঈদের আগে বেড়েছে পাদুকাশ্রমিকদের ব্যস্ততা। তবে হাতে তৈরি পাদুকা কারখানার মালিকেরা বলেন, আট বছর ধরে স্বয়ংক্রিয় মেশিন দিয়েও তৈরি হচ্ছে জুতা। এসব কারখানাকে বলে পিও ফুটওয়্যার কারখানা। হাতে পাদুকা তৈরির ছোট কারখানাগুলো সেসব বড় কারখানার সঙ্গে পেরে উঠছে না। ফলে মালিকেরা সেগুলো বন্ধ করে দিচ্ছেন।
আগের মতো আর বেচাকেনা নেই। মেশিনের কারখানার আবির্ভাব হয়েছে। হাতে তৈরির কারখানাগুলোর অবস্থা আগের মতো আর নেই। এগুলো প্রায় বন্ধের পথে।ওয়াসিম মিয়া, ওয়ান্ডার সুজ কারখানার মালিক, ব্রাহ্মণবাড়িয়া
ব্যবসায়ীরা আরও বলেন, বৈশ্বিক মন্দার প্রভাবে এবার বেচাকেনাও কমেছে। ফলে ব্যস্ততা থাকলেও অন্য ঈদের মতো জৌলুশ নেই। তবে ক্রেতার পছন্দের জুতা তৈরি করে বাজারজাত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন শ্রমিকেরা। কাজ চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
জেলা পাদুকা মালিক সমিতি সূত্র জানায়, ১৯৬৩ সালে ভারতের পাটনার মাহমুদ আলী নামের এক ব্যবসায়ী জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় ১০-১২ জন শ্রমিক নিয়ে প্রথম পাদুকার কারখানা শুরু করেন। এরপর থেকেই জেলায় আস্তে আস্তে হাতে তৈরির পাদুকার কারখানা বিস্তার ঘটে। সদর উপজেলার ভাটপাড়া, নাটাই উত্তর ও নাটাই দক্ষিণ, রাজঘর, অষ্টগ্রাম ও পৌর শহরের পীরবাড়ি এলাকায় জুতার কারখানাগুলো গড়ে ওঠে। ২০১৫ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তিন শতাধিক হাতে তৈরি পাদুকার কারখানা ছিল। বর্তমানে ৪৫-৫০টি হাতে তৈরি পাদুকার কারখানা রয়েছে। পাইকারি বিক্রির দোকান রয়েছে ৩০টি।
■বর্তমানে ৪৫-৫০টি হাতে তৈরি পাদুকার কারখানা রয়েছে। পাইকারি বিক্রির দোকান রয়েছে ৩০টি। আর মেশিনের দোকান আছে ২৬টি। ■ স্বয়ংক্রিয় মেশিনের কারখানায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ জোড়া জুতা তৈরি হয়। ■ হাতে তৈরির কারখানাতে প্রতিদিন গড়ে ১২০ জোড়া জুতা তৈরি হয়।
ওয়ান্ডার সুজ কারখানার মালিক ওয়াসিম মিয়া বলেন, ‘আমার হাতে তৈরির কারখানায় ১০ জন শ্রমিক কাজ করেন। প্রতিদিন গড়ে ১০-১২ ডজন জুতা তৈরি হয়। আগের মতো আর বেচাকেনা নেই। সবকিছুরই দাম বাড়তি। অপর দিকে মেশিনের কারখানার আবির্ভাব হয়েছে। হাতে তৈরির কারখানাগুলোর অবস্থা আগের মতো আর নেই। এগুলো প্রায় বন্ধের পথে।’
জেলা পাদুকা শিল্প মালিক সমিতির সফর উদ্দিন বলেন, পিও ফুটওয়্যার কারখানার কারণে হাতের তৈরি জুতার কারখানার সংখ্যা কমে যাচ্ছে। কারিগরেরা সব এখন সেখানে চলে গেছেন। তাঁর দুটি কারখানা মাস তিনেক আগে বন্ধ করে বেকারির ব্যবসা শুরু করেছেন। তিনি জানান, জেলায় বর্তমানে ৪৫ থেকে ৫০টি হাতের তৈরি জুতার কারখানা রয়েছে। এসব কারখানায় প্রতিটিতে ১৫ থেকে ২০ জন করে কারিগর কাজ করেন। প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৩০ জোড়া তৈরি হয়। তবে শুধু হাতের তৈরি কারাখানায় ‘শু’ তৈরি হয়। চামড়ার জুতার দাম ১ হাজার ২০০ টাকা, স্যান্ডেল ২৫০ থেকে ৭০০ টাকা।
জেলা পিও ফুটওয়্যার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, জেলার পীরবাড়ি এলাকায় ২০১৬ সালে স্বয়ংক্রিয় মেশিনে তৈরি জুতার কারখানা চালু হয়। বর্তমানে এ রকম কারখানা আছে ২৬টি। এসব কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করে। প্রতিটি কারখানায় প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ জোড়া জুতা তৈরি হয়। এই রমজান মাস উপলক্ষে এসব কারখানায় চার থেকে সাড়ে চার লাখ জোড়া স্যান্ডেল জুতা করা হবে। এসব জুতা ঢাকা, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী সিলেটসহ বিভিন্ন বিভাগসহ সারা দেশে পাঠানো হবে।
কারখানার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুতা তৈরির প্রধান উপকরণ চামড়া, র্যাক্সিন, সোল, কভার, সুতা, রাবার, বোতাম ও সুতা। এসব শহরের পীরবাড়ি বাজারেই পাওয়া যায়।
গত মঙ্গলবার পীরবাড়ি এলাকার সেভেন স্টার পিও ফুটওয়্যার ও সদর উপজেলার নাটাই বটতলী এলাকার আইডিয়াল পিও ফুটওয়্যার কারখানা ঘুরে দেখা গেছে, শ্রমিকেরা জুতা তৈরির কাজে ব্যস্ত। কেউ চামড়া কাটছেন, কেউ সেলাই করছেন, কেউ নকশা করছেন আবার কেউ মেশিন চালাচ্ছেন। পুরো দমে চলছে তাঁদের কাজ।
আইডিয়াল পিও ফুটওয়্যারের সাদ্দাম হোসেন বলেন, চীন থেকে আমদানি করা অটোমেটিক মেশিনে জুতার সোল থেকে শুরু করে সবই তৈরি করা হয়। শ্রমিকেরা ৮ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। আইডিয়াল পিও ফুটওয়্যারের মালিক মো. সাচ্চু মিয়া বলেন, মেশিনে প্রস্তুত হলেও একটি জুতা তৈরিতে ২৬ জনের হাতবদল হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পিও ফুটওয়্যার কারখানার মালিক বলেন, তাঁর দুটি কারখানায় আনুমানিক ৩০০ শ্রমিক কাজ করেন। গত মঙ্গলবার পর্যন্ত দুটি কারখানার ১ লাখ ৫ হাজার জোড়া জুতা তৈরি হয়েছে। যা ৩ কোটি ৩০ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি।
জেলা পিও ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, জুতার ব্যবসা ২৫-৩০ বছরের মধ্যে এমন মন্দা দেখেননি। তাঁর কারখানার নাম সেভেন স্টার কারখানা। এখন পর্যন্ত ৩০ হাজার জোড়া জুতা বিক্রি করতে পেরেছেন। আরও ২০ হাজার জোড়া জুতা তৈরি করতে পারবেন বলেন জানান তিনি।