দিনাজপুরে বাম গণতান্ত্রিক জোটের মশালমিছিলে পুলিশের বাধা
দিনাজপুরে বাম গণতান্ত্রিক জোটের মশালমিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন জোটের নেতা-কর্মীরা। জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ডাকা হরতালের আগে বুধবার সন্ধ্যায় মশালমিছিল করেন নেতা-কর্মীরা।
সাড়ে সাতটার দিকে শহরের কালিতলা–সংলগ্ন প্রেসক্লাবের সামনে থেকে অর্ধশতাধিক নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন। এ সময় শহরের কয়েকটি জায়গায় মশালমিছিলটি পুলিশি বাধায় পড়ে।
মশালমিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর শাখার সভাপতি মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হাসান, সিপিবির নেতা আবুল কালাম আজাদ, অমৃত রায়, বাসদের নেতা কিবরিয়া হোসাইন, আবদুল হাকিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মোশাররফ হোসেনসহ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার আগে থেকে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সাড়ে সাতটার দিকে প্রেসক্লাব থেকে মিছিলটি চারুবাবুর মোড়, মডার্ন মোড়, লিলির মোড়, বাহাদুর বাজার, মুন্সিপাড়া হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বাসদের সংগঠক কিবরিয়া হোসাইন বক্তব্য দেওয়া শুরু করলে পুলিশ মাইক বন্ধ করে দিয়ে ব্যানার কেড়ে নেয়। শহরের গণেশতলা এলাকায় সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের হাতে থাকা মশাল নিভিয়ে দিয়ে মিছিলে বাধা প্রদান করে পুলিশ।
মুঠোফোনে বাম গণতান্ত্রিক জোট দিনাজপুরের সমন্বয়ক কিবরিয়া হোসাইন প্রথম আলোকে বলেন, জ্বালানি তেল, সার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় শান্তিপূর্ণ মশালমিছিল বের করা হয়। পুলিশ এ মিছিলে বাধা দেয় এবং সংক্ষিপ্ত সমাবেশও করতে দেয়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি যথারীতি চলবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, মিছিলে কোনো প্রকার বাধা দেওয়া হয়নি। তাঁদের অনুরোধ করা হয়েছে, যেহেতু বৃহস্পতিবার তাঁদের কর্মসূচি দেওয়া আছে, সে ক্ষেত্রে নির্ধারিত সময়েই যাতে তাঁরা কর্মসূচি পালন করেন।