পরীক্ষা নেওয়া ও উপাচার্য নিয়োগের দাবিতে রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষা নেওয়া ও উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: প্রথম আলো

পরীক্ষা নেওয়া ও উপাচার্য নিয়োগের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তাঁদের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান নেই এক মাস ধরে। তিনি না থাকায় পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট একাডেমিক জটিলতার সৃষ্টি হয়েছে। এ কারণে তাঁদের পরীক্ষা আটকে আছে। এটি নিরসনে দ্রুত বিভাগীয় প্রধান নিয়োগ করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পূর্ণ মেয়াদের উপাচার্য নেই এক বছর ধরে। এ কারণে জটিলতার সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত নিয়মিত উপাচার্যের নিয়োগ চান।

বিভাগের ১৮ সিরিজের শিক্ষার্থী চিন্ময় মিত্র বলেন, তাঁদের বিভাগের ৫টি সিরিজের শিক্ষার্থী হাজারের ওপরে। এর মধ্যে তিনটি সিরিজের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল এই মাসের প্রথম সপ্তাহে। কিন্তু বিভাগীয় প্রধান না থাকায় পরীক্ষা হচ্ছে না। তাঁরা শঙ্কার মধ্যে আছেন।

এদিকে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রুয়েটে আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়ার জন্য পুরকৌশল অনুষদের ডিন মো. নিয়ামুল বারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি শুধু একাডেমিক কার্যক্রম পালন করতে পারবেন। কিন্তু কয়েকটি বিভাগের বিভাগীয় প্রধান না থাকায় তাদের পরীক্ষার দায়িত্ব নিতে পারছেন না নতুন দায়িত্বপ্রাপ্ত এই অধ্যাপক।

গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সচল রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন অধ্যাপক মো. নিয়ামুল বারি। চিঠিতে তিনি পরীক্ষা গ্রহণের কথা উল্লেখ করে কোনো একজন ডিনকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন। এবার তাঁকেই সে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু গত ২২ জুলাই দেওয়া রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেনের চিঠি আমলে নেওয়া হয়নি। ওই চিঠিতে রুয়েটের সার্বিক পরিস্থিতির কথা বলা ছিল।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: প্রথম আলো

মানববন্ধনে এসব বিষয় উল্লেখ করে ১৮ সিরিজের শিক্ষার্থী সাদিয়া জান্নাত বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে পুরকৌশল অনুষদের ডিন মো. নিয়ামুল বারিকে একাডেমিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রশাসনিক কাজের দায়িত্ব দেওয়া হয়নি। প্রশাসনিক দায়িত্ব না পাওয়াতে তিনি বিভাগের সভাপতি নিয়োগ দিতে পারছেন না। উনি বিষয়টি স্পষ্ট করেছেন। এ অবস্থার নিরসন চান তাঁরা।

এ বিষয়ে অধ্যাপক নিয়ামুল বারি বলেন, তিনি বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতা পাননি। তাঁকে শুধু একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে কোনো চিঠি পাঠাবেন কি না, সে বিষয়ে তিনি বলেন, তিনি কোনো চিঠি পাঠাবেন না। এটা মন্ত্রণালয়ের দায়িত্ব।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেন বলেন, তাঁরা গত ২২ জুলাই একটি চিঠি দিয়েছেন মন্ত্রণালয়ে। আশা করছেন, সে বিষয়ে মন্ত্রণালয় দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে। এমনিতেই একরকম অচল হয়ে আছে প্রতিষ্ঠানটি। দ্রুত নিয়মিত উপাচার্য নিয়োগ হলে সবকিছু সমাধান হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ের শেষে নিয়মিত উপাচার্য রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়। পরে ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে রুয়েটের জ্যেষ্ঠতম অধ্যাপক ও অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন মো. সাজ্জাদ হোসেনকে উপাচার্যের দৈনন্দিন কার্যসম্পাদনের দায়িত্ব পালন করতে বলা হয়। তবে ২৮ মে পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। এর পর থেকে একাডেমিক ও প্রশাসনিক জটিলতা বাড়তে থাকে। এ অবস্থায় গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৭ সিরিজের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে আন্দোলন করেন। পরে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। ২ আগস্টের মধ্যে পরীক্ষার রুটিন মন্ত্রণালয়ে যোগাযোগ করে দেওয়া হবে বলে শিক্ষকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এ অবস্থায় গতকাল এক ডিনকে একাডেমিক দায়িত্ব দেওয়া হলেও সমস্যার সমাধান হচ্ছে না।