নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একটি জঙ্গলে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আলম ওরফে আলী (৫০)।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উনিয়নের করলিয়ামুড়া এলাকার সোহেল রানা রবারবাগানের পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে।
মো. আলম বাইশারী ইউনিয়নের উত্তর করলিয়ামুড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুপুরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম প্রথম আলোকে বলেন, মো. আলম আজ সকালে উলু ফুল সংগ্রহ করতে রবারবাগানের পাশের জঙ্গলে গিয়েছিলেন। ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি স্থানীয় বন বিভাগের কর্মীদের জানানো হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।