পটুয়াখালীতে নির্মাণাধীণ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষ–ভাঙচুর, আহত ১৫
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে চীনা শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেতনের টাকা কেটে রাখা নিয়ে এই সংঘর্ষের সময় বিদ্যুৎকেন্দ্রের অস্থায়ী অবকাঠামোসহ একাধিক যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক ও বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা সদস্য আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়েই পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে চলে এসেছি। শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হয়তো ৮-১০ জন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা মৌজায় বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীন সরকারের নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড যৌথভাবে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে প্রায় ৯ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত। চীনের শ্রমিক আছেন এক হাজার ২০০ জন। বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সবুর জানান, আগামী বছরের মে মাসে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা রয়েছে।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত চারজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন শ্রমিক ওবায়দুল (৩৫), শাহিন মোল্লা (৪২), বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকর্মী রাকিবুল ইসলাম (৩৭) ও জিদান (৩০)। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আহত শ্রমিকদের কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের বেতনের টাকা কেটে রাখা হচ্ছে। তাঁরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেয়নি। যে কারণে আজ শ্রমিকরা প্রথমে বিক্ষোভ করেন। নিরাপত্তাকর্মী ও চীনা শ্রমিকেরা বিক্ষোভে বাধা দিতে এলে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বাংলাদেশি শ্রমিকদের প্রশাসনের সহায়তায় বিদ্যুৎকেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয়েছে। এসব শ্রমিকেরা বিদ্যুৎকেন্দ্রের বাইরে বিক্ষোভ করছেন। বর্তমানে বিদ্যুৎকেন্দ্র এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার জন্য নিয়োজিত ১৯ সদস্যের একটি পুলিশ ইউনিটের সহায়তায় অতিরিক্ত পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সবুর প্রথম আলোকে বলেন, ‘আমি যত দূর জেনেছি আসলে একটি জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের কিছুসংখ্যক শ্রমিকের মাসিক বেতন থেকে ১০০ টাকা করে কেটে রাখা হচ্ছিল। ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার টাকাটা রাখছিলেন। এতে বিদ্যুৎ কোম্পানির কোনো সংশ্লিষ্টতা নেই। এ ঘটনা নিয়ে জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটির ৩০০ থেকে ৩৫০ জন শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে। এসব শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিদ্যুৎকেন্দ্রের অস্থায়ী অবকাঠামোতে ইট-পাথর নিক্ষেপ করে। এতে কিছু ক্ষতি হয়েছে।’