নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিনা আক্তার (১৭)। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তানজিনা স্থানীয় চর বাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ ভোরে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য বাড়ির পুকুরঘাটের দিকে যাচ্ছিল সে। এ সময় বজ্রপাতে মৃত্যু হয় তার।
তানজিনার মৃত্যুর বিষয়টি চর আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল বাশার নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। জানতে চাইলে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর পরিবারের আবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।